বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ভূমধ্যসাগরে ভাসতে থাকা ৩৫ বাংলাদেশি উদ্ধার

অনলাইন ডেস্ক:: ভূমধ্যসাগরে ভাসমান ৩৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমায় অন্ধকারে ঢেউয়ের মধ্যে নৌকায় ভাসছিলেন তারা। জলসীমায় টহল দেওয়া ওশান ভাইকিং চ্যারিটি জাহাজের কর্মীরা এই বাংলাদেশিদের প্রথমে শনাক্ত করেন। খবর এএফপির।

জানা গেছে, ওই বাংলাদেশিরা তিন দিন ধরে সাগরে নৌকায় ভাসছিলেন। লিবিয়ার বেনগাজি থেকে প্রায় ৬০০ কিলোমিটার পাড়ি দেন তারা। গন্তব্য ছিল ইতালির সিসিলি দ্বীপ।

ভোরের আলো ফুটতে শুরু করলে ওশান ভাইকিং উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দেয় রেডক্রস ও রেড ক্রিসেন্ট। তাদের পানি, খাবার ও কম্বল দেওয়া হয়।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরএফসি) অপারেশনস ব্যবস্থাপক সারা মানসিনেলি জানান, তারা নিরাপদে আছেন।

তিনি বলেন, “তারা বারবারই আমাদের জিজ্ঞেস করছিলেন, আপনারা কি আমাদের লিবিয়ায় ফেরত পাঠাচ্ছেন? তবে তাদের লিবিয়ায় ফিরিয়ে নেওয়া হবে না বলে আশ্বস্ত করা হয়েছে।”

“তাৎক্ষণিকভাবে তারা বুঝতে পারেননি আমরা কারা। তারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।” যোগ করেন সারা মানসিনেলি।

উদ্ধারকারীরা জানান, জাহাজটি এখন ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলীয় ওরতোনা বন্দরের দিকে যাচ্ছে। যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অনেকে ঘুমিয়ে পড়েন।

উল্লেখ্য, গত জানুয়ারি থেকে মধ্য ভূমধ্যসাগরে ৬২২ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। অভিবাসনপ্রত্যাশীদের জন্য রুটটিকে সবচেয়ে বিপজ্জনক বলে নিশ্চিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com