শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

ভারতের বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি : ‘ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, ‘ভারত আগ্রাসনের বিরুদ্ধে শহীদ আবরার আওয়াজ তুলেছিল । তাকে ফ্যাসিস্ট হাসিনার হাতে জীবন দিতে হয়েছে । জনগণ থেকে বিচ্ছিন্ন ভোটচুর আওয়ামী লীগ দিল্লিকে প্রভু বানিয়েছিল । এখন সরকার রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার সরকার । দিল্লি আপনার আধিপত্য-আগ্রাসন ভুলে যান । ফ্যাসিস্ট হাসিনার সময় শেষ হয়েছে ।’

তিনি বলেন, ‘ভারত তার আগ্রাসনের কারণে প্রতিবেশী নেপাল, ভুটান, মালদ্বীপে প্রত্যাখ্যাত হয়েছে । আধিপত্য চললে বাংলাদেশের জনগণও আপনাদের প্রত্যাখ্যান করবে । বন্ধুত্ব হবে ন্যায্যতা, সমতায়, প্রভুত্বের ভিত্তিতে নয় । শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আগেই ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি বাতিল করতে হবে । বন্দী বিনিময় চুক্তির কারণে ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিতে হবে ।’

বাংলাদেশে আকস্মিক বন্যার জন্য ভারত দায়ী উল্লেখ করে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সুলতানা বলেন, ‘এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় । এটা ভারতের কৃত্রিমভাবে তৈরি করা বন্যা । বাঁধ খুলে তারা আজ উল্লাস করছে । আমরা হুঁশিয়ারি দিতে চাই, ছাত্র জনতা ছেড়ে দেবে না । সরকারকে বলতে চাই, আন্তর্জাতিক নদীর পানি বণ্টনের ন্যায্য হিস্যা আমাদের পেতে হবে ।’

ইসলামিক স্টাডিজ বিভাগের এবি জুবায়ের বলেন, ‘ত্রিপুরা রাজ্যে ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী বন্যা প্লাবিত । ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি সংযোগ নদী রয়েছে, এর ৩০টিতে তারা বাঁধ দিয়েছে । আন্তজার্তিক নদীতে তারা বাঁধ দিয়েছে । আধিপত্যবাদী ভারতের গ্রীষ্ম মৌসুমে বাঁধ বন্ধ করে রাখায় আমরা পানি পাই না, কৃষক ফসল ফলাতে পারে না । আর বর্ষা মৌসুমে বাঁধের কারণে পানিতে ডুবে মরতে হয় । আমরা এ দ্বিমুখী নীতি চাই না ।

সমাবেশ শেষে মিছিল নিয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে এসে কর্মসূচি শেষ করেন শিক্ষার্থীরা । এসময় তারা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান দেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com