শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকা ভুয়া

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশের মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা ।

তাঁরা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে মহলটি কিছু গণমাধ্যমের তালিকা করে চিঠির মাধ্যমে বা কাউকে কাউকে ব্যক্তিগতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন বা সহযোগিতা না করায় এসব গণমাধ্যমকে সহযোগিতা না করতে বলছে এবং করলে অপমান-অপদস্থ কিংবা চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে ।

এ বিষয়ে ছাত্রনেতারা প্রধান উপদেষ্টার কার্যালয়কে স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের চিঠি ও তালিকা অপপ্রচারমূলক ও ভুয়া । নেতারা এতে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন ।

‘মিডিয়া সতর্কবার্তা’ শিরোনামে প্রচারিত ওই চিঠির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে ছাত্র আন্দোলনের প্রথম সারির তিনজন সমন্বয়ক নিশ্চিত করেছেন ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত ‘মিডিয়া সতর্কবার্তা’ শীর্ষক চিঠিটি ভুয়া ।

এর আগে আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ওই চিঠির ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘এই সংবাদ বিজ্ঞপ্তিটি ভুয়া । এর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই ।

আরেক সমন্বয়ক সারজিস আলমও ফেসবুকে ওই চিঠির ছবি দিয়ে সেটিকে ‘ভুয়া’ হিসেবে বর্ণনা করেছেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com