শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

বৃষ্টি কমে এসেছে, তাপমাত্রা বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি আগের দিনের চেয়ে কমেছে । আজ বুধবার তিন বিভাগের অনেক জায়গায় অবশ্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর । তবে দেশের অন্যত্র বৃষ্টি আরও কমবে । আগামী শুক্রবার থেকে আবার বৃষ্টি বেড়ে যেতে পারে ।

লঘুচাপের কারণে এর আগে দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর । সেই সতর্কসংকেত উঠিয়ে নেওয়া হয়েছে ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ বুধবার সকালে একুশের কন্ঠকে বলেন, আজ বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে । বাকি বিভাগগুলোর কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । তবে সার্বিকভাবে বৃষ্টিপাত কমে গেছে । আগামীকাল বৃহস্পতিবারও বৃষ্টি কম থাকবে ।

বৃষ্টি কমে যাওয়ায় দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদীকোর্টে—৩৬ মিলিমিটার । এর আগের ২৪ ঘণ্টা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল যশোরে—৮৪ মিলিমিটার ।

প্রবল বৃষ্টি ও উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যার কবলে পড়েছে । এসব জেলার অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ।
সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে এই প্রবল বৃষ্টি হয় । মৌসুমি বায়ু এখনো সক্রিয় । তবে লঘুচাপের কারণে দেশের চার বন্দরকে দেওয়া ৩ নম্বর সতর্কসংকেত আজ উঠিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আগামীকাল বৃহস্পতিবার আরেক লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাব পড়বে অনেক দেরিতে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com