সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

বীর সিনেমায় শাকিবের সঙ্গে নবাগত নায়িকা আরিয়ানা

বিনোদন প্রতিবেদক

‘বীর’ সিনেমা নিয়ে জল ঘোলা কম হয়নি। অবশেষে সব জল ঘোলা শেষে আসল খবর মিলেছে। চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন, এই ছবি থেকে বাদ পড়েছেন বুবলী। কিন্তু না বুবলীই থাকছেন। সঙ্গে যুক্ত হয়েছে আরও একজন নায়িকা। তিনি আরিয়ানা জামান। ছবিটি প্রযোজনা করবে এসকে ফিল্মস ও প্রযোজক মো. ইকবাল।

গত ২৪ আগস্ট বুবলীর পর আরিয়ানা জামানকে ছবিটির দ্বিতীয় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ করা হয়। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির অন্যতম প্রযোজক ইকবাল। বীরের পরিচালক হিসেবে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা কাজী হায়াৎ।

মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন আরিয়ানা। দেশের বড় বড় অনেক ফ্যাশন হাউজের পণ্যের মডেল হয়েছেন তিনি। সেই মডেলিং থেকে সোজা বীর ছবির অভিনেত্রী। ছবিটিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে আরিয়ানা বলেন, শনিবার ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এটা আমার জন্য দারুন সুযোগ। প্রথম ছবিতেই দেশের মেগাস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করার সুযোগ পাচ্ছি। তার উপর পরিচালক হিসেবে আছেন কাজী হায়াতের মতো বড় মাপের নির্মাতা। সব মিলিয়ে আমার জন্য সৌভাগ্য এটি।’

বিবিএ ফাস্ট সেমিস্টারে পড়ছেন আরিয়ানা। এখন থেকে নিয়মিতই অভিনয় চালিয়ে যাওয়ার কথা জানালেন। নতুন ছবিতে কী চরিত্রে অভিনয় করছেন জানতে চাইলেন তিনি বলেন, ‘এ বিষয়ে এখনও কিছু বলতে পারবো না আমি। সব পরিচালক আর প্রযোজক বলতে পারবেন। তবে আমার জন্য দোয়া করবেন যে চরিত্রে কাজ করছি সেটি যেনো ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি।’

বীর পরিচালক কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র। নতুন নায়িকা চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে নির্মাতা বলেন, নতুন একটি মেয়েকে চুক্তিবদ্ধ করা হয়েছে। যে চরিত্রের জন্য ওকে নেয়া হয়েছে সেটা ও ভালো করতে পারবে বলেই আমার বিশ্বাস।’

এর আগে ছবিটির নায়িকা নিয়ে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান বলেছিলেন, ‘আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন চারটি ছবির শুটিং হচ্ছে, দুটিতে বুবলী থাকবেন, তার একটি বীর। ছবিটিতে আরও একজন নায়িকা নেয়া হবে। সেটা কিছু দিনের মধ্যেই জানানো হবে।আপাতত অপেক্ষায় থাকতে হবে।’এবার সেই অপেক্ষার অবসান হলো। আরিয়ানাকে নেয়ার বিষয়টি নিশ্চিত করলেন এ নায়কও।

ঈদের আগে এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শাকিব খানের ছোটবেলার অংশের দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু হয় বীর ছবির। মাঝখানে বিরতি দিয়ে আগামী মাসে শেষের দিকে আবারো শুরু হচ্ছে বলে জানান পরিচালক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com