শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

বিমানের সাবেক এমডিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ চার কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আগামী দুই-এক দিনের মধ্যে এই চার্জশিট আদালতে জমা হবে। দুদকের জনসংযোগ শাখার উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে অবৈধভাবে বিমানের ক্যাডেট পাইলট নিয়োগ করে শাস্তিযোগ্য অপরাধ করায় বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল মুনীম মোসাদ্দিক আহমেদ, সাবেক ফ্লাইট অপারেশন্স পরিচালক ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, সাবেক পরিচালক প্রশাশন ও বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি) এর অধ্যক্ষ পার্থ কুমার পণ্ডিত ও ব্যবস্থাপক (নিয়োগ) ফখরুল হোসেন চৌধুরীর বিরুদ্ধে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক।

২০১৯ সালের ২৫ নভেম্বর এই চার জনের বিরুদ্ধে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম। মামলার এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৮ সালে ক্যাডেট পাইলট নিয়োগের দায়িত্বকালীন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স নির্ধারণে বিমানের প্রচলিত বিধি-বিধান অনুসরণ করেননি। নিজেদের ইচ্ছামতো ব্যাখ্যা ও নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে এবং পরে ওই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে ব্যবস্থাপনা পরিচালক আবুল মুনীম মোসাদ্দিক আহমেদের ভাতিজাসহ ৩০ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা শিথিল করে নিজেরা লাভবান হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com