শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

বিতর্কিত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিতর্কিত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক:: আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশসহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এরই মধ্যে ছাগলকান্ডে মতিউরকে কিন্তু আজকে ধরা হয়েছে। আস্তে আস্তে বের করে সবাইকে ধরা হবে।

বুধবার (১৫ জানুয়ারী) বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিতর্কিত ভূমিকার পরও অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বদলি পদোন্নতি পদায়ন করা হয়েছে। অথচ যারা ট্রেনিং শেষ করেছেন তাদের অনেককে নিয়োগ দেওয়া হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ কর্মকর্তার ভূমিকা ছিল, ফুটেজ আছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে। চেষ্টা চলছে। প্রতিদিন ২ থেকে ১ জন করে ধরা পড়ছেন। যেমন- আজকে মতিউর, ছাগল মতিউরকে ধরা হয়েছে। তাকেও এতদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেকে তো লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইনকোয়ারির পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ধরা তো হচ্ছে। দেখেন ধরা হয়েছে, ধরার পর আবার এক ওসি পালিয়েও গেছে।

এ রকম বিতর্কিত পুলিশ কর্মকর্তা-সদস্যদের তালিকা গণমাধ্যমে আছে। এ ব্যাপারে তালিকাটি পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

পাশাপাশি সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের বিরুদ্ধে আপনারা সঠিক স্বচ্ছ সাংবাদিকতা করেছেন।’ তবে এ সময় অনুসন্ধানী সাংবাদিকতা আরও বাড়ানোর অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com