শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : আবদুল হাই আল-হাদি হোমিওপ্যাথিক চিকিৎসক । সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থাকেন । সামান্য আয়ে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কোনোরকমে তাঁর সংসার চলে । তাঁর নবম শ্রেণিপড়ুয়া ছেলে জুলকারনাইন পড়ালেখায় ভালো । ছেলে বড় হয়ে ভালো কিছু করবে, এমন স্বপ্ন দেখতেন আবদুল হাই ।
কিন্তু আবদুল হাইয়ের সেই স্বপ্ন ভেঙে গেছে । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে জুলকারনাইন । ৫ আগস্ট সরকার পতনের পর সাভারে ছাত্র-জনতার বিজয় মিছিলে যোগ দেয় জুলকারনাইন । বাইপাইলের পলাশবাড়িতে বিকেলে গুলিতে নিহত হয় সে ।
জুলকারনাইন সাভারের পলাশবাড়ি জেএল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজের নবম শ্রেণিতে পড়ত । তাদের গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরূপ গ্রামে । ৬ আগস্ট গ্রামের বাড়িতে জুলকারনাইনকে দাফন করা হয় । পরে তার পরিবারের সদস্যরা সাভারে চলে যান ।
গতকাল সোমবার মুঠোফোনে কথা হয় আবদুল হাইয়ের সঙ্গে । তিনি বলেন, ‘৫ আগস্ট ছেলেকে বাইরে যেতে দেখে বললাম, যেও না । বাইরের অবস্থা ভালো নয়, কখন কী হয়, বলা যায় না । কিন্তু সে বলল, “তুমিই তো আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছ । আমার ভাই–বোনেরা মারা গেছে । আমি বিজয় মিছিলে যাব ।” বিকেল পাঁচটার দিকে তার বন্ধুরা মুঠোফোনে বলে, জুলকারনাইনের গলায় গুলি লেগেছে । দ্রুত সাভারের এনাম হাসপাতালে আসতে বলে । হাসপাতালে গিয়ে দেখি, ছেলের নিথর দেহ পড়ে আছে ।
কাঁদতে কাঁদতে আবদুল হাই আল-হাদি বলেন, ‘ছেলেটা সেই যে বিজয় মিছিলে গেল, আর ফিরল না । ওকে ঘিরে আমার অনেক স্বপ্ন ছিল । সব স্বপ্ন শেষ হয়ে গেছে । শুনেছিলাম, বাবার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে ভারী । এখন সেই ভার আমার কাঁধে । আমি ছেলে হত্যার বিচার ও ক্ষতিপূরণ চাই ।
জেএল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ জামাল হোসাইন মুঠোফোনে বলেন, ‘জুলকারনাইন অত্যন্ত বিনয়ী ও মেধাবী শিক্ষার্থী ছিল । ৫ আগস্ট রাতে ওর মৃত্যুর খবর পাই । ওদের পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো নয় । আমরা যতটুকু পারছি, ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ।
স্কুলছাত্র জুলকারনাইনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সাঁথিয়া পৌরসভা কার্যালয়ের পাশে জুলকারনাইন চত্বর নাম দেওয়া হয়েছে ।
এ দিকে সাঁথিয়া পৌর কার্যালয়ের পাশে জুলকারনাইনের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে একটি ম্যুরাল প্রতিস্থাপন করা হয়েছে । ওই স্থানে আগে সাবেক ডেপুটি স্পিকার ও স্থানীয় পৌর মেয়রের ছবি বাঁধানো ছিল । সরকার পতনের পর আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই ছবি ভেঙে ফেলে । স্থানটি জুলকারনাইন চত্বর হিসেবে ঘোষণা করা হয় ।
সাঁথিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসলাম উদ্দিন খান বলেন, `এই আন্দোলনে জুলকারনাইন এ উপজেলার একমাত্র শহীদ । তার আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে সাঁথিয়ার সর্বস্তরের ছাত্র-জনতা সাঁথিয়া পৌর পার্কে তার নামাঙ্কিত স্তম্ভটি করেছে । এ ছাড়া তার গ্রামে তার নামে একটি পাঠাগার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
জুলকারনাইনের চাচা স্থানীয় গোপালপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক লোকমান হাকিম বলেন, এলাকার সবার কাছে জুলকারনাইন বীরের স্বীকৃতি পেয়েছে । এভাবে চলে যাওয়ায় পরিবারটির অপূরণীয় ক্ষতি হয়ে গেল । টানাটানির সংসারে মা–বাবা ওকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন ।