শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে ন্যাশনাল কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন । আজ রোববার সকালে শ্রমিকরা ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন । এতে মহাসড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় ।
জানা যায়, ওই কারখানার শ্রমিকদের ৬-৭ মাসের বেতন বকেয়া পড়েছে । শ্রমিকের বেতন না দিয়ে কয়েক মাস আগে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় । বিভিন্ন সময়ে শ্রমিকরা বকেয়া বেতনের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের বেতন দেয়নি ।
অবশেষে আজ রোববার সকাল ৯টার দিকে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ।
বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, কারখানার ২শ’ শ্রমিকের ৭ মাসের বেতন-বোনাস বকেয়া আছে । বেতন-ভাতা না দিয়ে মালিক গোপনে কারখানা বন্ধ করে দেন ।
গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে ।