শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
বিপিসির দুজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চুক্তি অনুসারে বিলম্বের জন্য বছরে এখন সাড়ে ৬ শতাংশ অর্থ মাসুল হিসেবে দিতে হবে । যদিও দীর্ঘ ব্যাবসায়িক সম্পর্কের কারণে বিলম্ব মাসুলের জন্য কোনো প্রতিষ্ঠান এখনো চাপ দেয়নি । তবে দ্রুত বিল পরিশোধে তাগাদা দিচ্ছে নিয়মিত । নিজস্ব প্রতিবেদক : জ্বালানি তেলের বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) । চাইলেও ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা ডলার পাওয়া যাচ্ছে না । বকেয়া বাড়তে থাকায় তেলের জাহাজ পাঠাতে চাইছে না কোনো কোনো প্রতিষ্ঠান । নির্ধারিত সময়ের পর আসছে কোনো কোনো জাহাজ ।
এ অবস্থায় বিল পরিশোধে জ্বালানি তেল সরবরাহকারী বিদেশি কম্পানিগুলোর চাপ বাড়ছে বিপিসির ওপর। বিপিসি সূত্র বলছে, ২২ আগস্ট পর্যন্ত মোট ৪৭ কোটি ৬১ লাখ ডলার বকেয়া জমেছে বিপিসির । এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া সিঙ্গাপুরভিত্তিক কম্পানি ভিটলের, তারা পাবে ১৮ কোটি ৫৬ লাখ ডলার । সোনালী ব্যাংক থেকে তাদের একটি বিল পরিশোধে এরই মধ্যে ১১০ দিন বিলম্ব হয়েছে ।
বিপিসির দুজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চুক্তি অনুসারে বিলম্বের জন্য বছরে এখন সাড়ে ৬ শতাংশ অর্থ মাসুল হিসেবে দিতে হবে । যদিও দীর্ঘ ব্যাবসায়িক সম্পর্কের কারণে বিলম্ব মাসুলের জন্য কোনো প্রতিষ্ঠান এখনো চাপ দেয়নি । তবে দ্রুত বিল পরিশোধে তাগাদা দিচ্ছে নিয়মিত ।
চীনের কম্পানি ইউনিপেক পাবে প্রায় পাঁচ কোটি ৮৬ লাখ ডলার। আরব আমিরাতের ইনক পাবে পাঁচ কোটি ৭১ লাখ ডলার । ইন্দোনেশিয়ার বিএসপি পাবে চার কোটি ৬৯ লাখ ডলার। মালয়েশিয়ার পিটিএলসিএল পাবে দুই কোটি ১৮ লাখ ডলার ।
আর ভারতের আইওসিএল পাবে আড়াই কোটি ডলার । এর বাইরে বকেয়া কিস্তি জমেছে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানেও। জ্বালানি তেলের আমদানি মূল্য পরিশোধে বিপিসিকে নিয়মিত ঋণ সহায়তা দেয় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি) । তারা পাবে আট কোটি ডলারের বেশি ।
জ্বালানি তেল বিক্রি করে দুই বছরের বেশি সময় ধরে মুনাফা করছে বিপিসি । গত মার্চ থেকেই প্রতি মাসে মূল্য সমন্বয় করছে তারা । তাই সংস্থাটির আর লোকসানে যাওয়ার আশঙ্কা নেই । কিন্তু বিদেশি দেনা পরিশোধে ডলার জোগাড়ে আড়াই বছর ধরেই সমস্যার মধ্যে আছে তারা । এর মধ্যে গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পরিবর্তন ঘিরে ব্যাংক বন্ধ ছিল বেশ কয়েক দিন । এতে আরো সমস্যায় পড়েছে বিপিসি । বকেয়া পরিশোধের পাশাপাশি ঋণপত্র খুলতেও জটিলতা দেখা দিয়েছে ।
বিপিসি সূত্র বলছে, প্রতি মাসে পাঁচ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল ও এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আনতে ১৭ থেকে ১৮টি ঋণপত্র খোলার দরকার হয় বিপিসির । ডলারে ঋণপত্র খুলতে ব্যাংকগুলো নিয়মিত গড়িমসি করে । একটি ঋণপত্রের মূল্য পরিশোধে ২৫ থেকে ৩০ দিন সময় লাগছে । কেন্দ্রীয় ব্যাংক থেকে মাঝেমধ্যে দুই কোটি ডলার করে ছাড় করলেও তা দিয়ে বকেয়া পুরোপুরি পরিশোধ করা যাচ্ছে না ।
সচিবালয়ে গত বুধবার বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান । বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমদানি বিল ২২০ কোটি ডলার বকেয়া পড়েছে বলে তিনি উল্লেখ করেন । একই সঙ্গে বকেয়া পরিশোধে ১০০ কোটি ডলার প্রদানের জন্য বিশ্বব্যাংককে অনুরোধ করেন তিনি । আনুষ্ঠানিক প্রস্তাব পেলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বকেয়া পরিশোধে গত বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তা চেয়েছেন জ্বালানি উপদেষ্টা ।
বাংলাদেশের কাছে পাঁচটি ভারতীয় বিদ্যুৎ কম্পানির ১০০ কোটি ডলারের বেশি পাওনা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে । এর মধ্যে কেবল আদানির একটি বিদ্যুৎ কম্পানি বাংলাদেশের কাছে ৮০ কোটি ডলার পায় । এই কম্পানি একটি আলাদা লাইনের মাধ্যমে ঝাড়খণ্ডে অবস্থিত এক হাজার ৬০০ মেগাওয়াটের কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে ।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের কাছে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এসইআইএল এনার্জি ইন্ডিয়ার পাওনা হয়েছে ১৫ কোটি ডলার । বাংলাদেশে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের একটি চুক্তি রয়েছে এই কম্পানির । আরেকটি কম্পানি এনটিপিসি পায় আট কোটি ডলারের কাছাকাছি ।
পিটিসি ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কম্পানি থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে চুক্তিবদ্ধ । তাদের পাওনা হয়েছে সাত কোটি ৯০ লাখ ডলার। তবে ২৫ আগস্ট তারা চার কোটি ৬০ লাখ ডলার আদায় করতে পেরেছে বলে ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে । এ ছাড়া পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া পাওনা হয়েছে দুই কোটি ডলার ।