সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

প্রেক্ষাগৃহে আসছে প্রেম চোর

বিনোদন ডেস্ক::

চলচ্চিত্র পরিচালক উত্তম আকাশ নির্মাণ করেছেন ‘প্রেম চোর’। এতে নবাগত শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন পাঞ্জাবি মেয়ে নেহা আমান দ্বীপ। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ৬ ডিসেম্বর সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি সিনেমাটির টাইটেল সং লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। ‘প্রেম চোর’ শিরোনামে এই গানে নবাগত শান্ত খান ও নেহা আমান দ্বীপকে একটি পার্টিতে নাচতে দেখা যায়। তাদের সঙ্গে রয়েছে একঝাঁক নৃত্যশিল্পী। এরপর সিনেমাটির আরো একটি গান মুক্তি পেয়েছে।

গত ১০ ফেব্রুয়ারি বিএফডিসির ২নং ফ্লোরে গানের শুটিংয়ের মধ্য দিয়ে সিনেমাটির শুটিং শুরু হয়। রোমান্টিক এই গানের কোরিওগ্রাফি করেন কলকাতার জনপ্রিয় কোরিওগ্রাফার বাবা যাদব। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমায় শান্ত-নেহা ছাড়াও অভিনয় করেছেন ওপার বাংলার অভিনয়শিল্পী রজতাভ দত্ত, সুপ্রিয়সহ অনেকে।

শান্ত খান ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রেখেছেন। চিত্রনায়ক হওয়ার লক্ষ্যে এক বছর কলকাতায় গ্রুমিং করেছেন। এছাড়া শ্রাবন্তী ও সানি লিওনের সঙ্গে ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করছেন শান্ত খান। এই চিত্রনায়ক বলেন, ‘আমি প্রস্তুত হয়ে এসেছি। এজন্য প্রশিক্ষণ নিয়েছি। এখন থেকে নিয়মিত অভিনয় করে যেতে চাই।’

এদিকে নেহা কলকাতার জি-বাংলা চ্যানেলের দর্শকপ্রিয় সিরিয়াল ‘স্ত্রী’-এর নায়িকা চরিত্রে অভিনয় করে বাংলাদেশি টিভি দর্শকের কাছেও পরিচিত মুখ। এর আগে মুম্বাই ও কলকাতার সিনেমায় অভিনয় করেছেন নেহা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com