শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্থগিত হয় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা । কয়েক দফা পরীক্ষা পেছানোর পর ১১ সেপ্টেম্বর থেকে নতুন রুটিনে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়ার কথা ছিল । তবে পুনর্বিন্যাস করা রুটিনও বাতিলের মুখে ।
মঙ্গলবার (২০ আগস্ট) ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বৈঠকে এইচএসসি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারিত হবে ।
বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র ।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদ এমন নির্দেশনা দিয়েছেন ।
কোটা আন্দোলন চরপ রূপ ধারণ করার পরেই স্থগিত হতে শুরু করে এইচএসসি ও সমমানের পরীক্ষা । এরপর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর সংশোধিত নতুন রুটিন প্রকাশ করা হয় ।
নতুন রুটিন প্রকাশের পরেই শিক্ষার্থীরা আর পরীক্ষা দিতে চান না বলে জানান ।
তাদের দাবি, অনেক পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে হতাহত হয়েছেন । অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন । তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে ।
এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে চান না ।
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অটো পাস অথবা এসএসসির ফলাফলের ভিত্তিতে ফল তৈরির দাবিও তোলেন পরীক্ষার্থীরা । এ নিয়ে একদফা রাস্তায়ও নামেন শিক্ষার্থীরা । গত ১৫ আগস্ট নতুন সময়সূচি প্রকাশের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা । গতকাল সোম বারও রাজধানীসহ সারা দেশে অটো পাসের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন পরীক্ষার্থীরা ।
এ ছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড ঘেরাও ও কর্মকর্তাদের অবরুদ্ধ করার ঘটনাও ঘটেছে ।
এরপরই শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবগত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি । এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. আব্দুর রশিদ আপাতত ঘোষিত রুটিন বাতিলের নির্দেশনা দেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে ।
এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের দাবিগুলো জানিয়েছিলাম । সেখান থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে । সেটা নিয়ে আবার মঙ্গলবার সভা হওয়ার কথা রয়েছে । সেখানে শিক্ষা উপদেষ্টা, সচিব, বোর্ড চেয়ারম্যানরা অংশ নেবেন । সেখানেই সব কিছু চূড়ান্ত হবে ।
এর আগে, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় । রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় । এরপর আর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সূচি অনুযায়ী এখনো ১৩ দিনের মোট ৬১টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি রয়েছে ।
বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা আটকে গেছে । যদিও প্রত্যেক শিক্ষার্থীকে ১৩টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হয় । এর মধ্যে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজির চারটি বিষয় (প্রথম ও দ্বিতীয়পত্র) এবং আইসিটি। ৮টি বিষয় ঐচ্ছিক ।