রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

পিকে হালদারের ২২ বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর ১৩ আসামির ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

এছাড়াও কারাদণ্ডের অতিরিক্ত তাদেরকে প্রত্যেককে বিভিন্ন পরিমাণে অর্থদণ্ড করা হয়েছে।

গত ৪ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত যুক্তিতর্ক শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেছিলেন। গত ২০ জুলাই মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ১০৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

পিকে হালদার ছাড়া অপর আসামিরা হলেন- পি কে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি, শংখ বেপারী, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা ও অবন্তিকা বড়াল।

আসামিদের মধ্যে শংখ বেপারী, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা ও অবন্তিকা বড়াল কারাগারে আটক আছেন। বাকিরা পলাতক রয়েছেন।

২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

মামলার নথিদৃষ্টে দেখা যায়, পিকে হালদার বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ নিজ দখলে রাখেন। এছাড়া ওই অর্থ আড়াল করতে বিদেশে পাচার করে মানি লন্ডারিং আইনেও অপরাধ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com