শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

পাপুলের দুই সহযোগীর পাঁচ বছর কারাদণ্ড

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: অর্থ ও মানবপাচারের অভিযোগে দণ্ডপ্রাপ্ত ও সংসদ সদস্য পদ হারানো লক্ষ্মীপুর-২ আসনের কাজী শহিদ ইসলাম পাপুল এখন কুয়েতের কারাগারে সাজা খাটছেন। পাপুলের বিরুদ্ধে আনা অর্থপাচার মামলায় তার দুই কুয়েতি সহযাগীকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১৩ লাখ ৬০ হাজার কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি শেখ মাজেন আল-জাররাহ ও পার্লামেন্টের সাবেক প্রার্থী নাওয়াফ আল-শালাহি। কুয়েতের উচ্চ আদালত এ রায় দিয়েছেন বলে গত বুধবার (১৯ অক্টোবর) কুয়েতের আরবি সংবাদপত্র দৈনিক কাবাস ও আরব টাইমসে খবর প্রকাশিত হয়।

কাউন্সেলর ওয়ায়েল আল-আতেকির নেতৃত্বে আপিল আদালত ফৌজদারি আদালতের রায় বাতিল করে পাপুলের কাছ থেকে পাওয়া ঘুষের টাকা পাচারে দুজনকে দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন। অভিযুক্ত দুজনের বিরুদ্ধে চেকের মাধ্যমে আট লাখ ৬০ হাজার কুয়েতি দিনার পাচারের অভিযোগ আনা হয়, যা পাপুলের কাছ থেকে ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল।

এর আগে গত বছরের ২৮ নভেম্বর কুয়েতের আপিল আদালত মানবপাচার ও অর্থপাচারের মামলার চূড়ান্ত রায়ে পাপুলকে সাত বছরের কারাদণ্ড ও ২৭ লাখ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ কোটি টাকা) জরিমানা করেন। সাজার পর পাপুলকে কুয়েত থেকে বিতাড়িত করার নির্দেশও দেন আদালত। পাপুল বর্তমানে কুয়েতের কারাগারে সাজা ভোগ করছেন।

২০২০ সালের ৭ জুন পাপুলকে গ্রেপ্তার করে কুয়েতের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। সে সময় তিনি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন।

পাঁচজন বাংলাদেশি অভিবাসী শ্রমিকের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও কোম্পানির কর্মীদের নির্যাতনের অভিযোগ আনে সিআইডি। পরে জিজ্ঞাসাবাদে পাপুল অর্থের বিনিময়ে জাল চুক্তিতে অভিবাসী শ্রমিক আনার ক্ষেত্রে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনশক্তি বিভাগ, জনপ্রতিনিধির সহায়তা পাওয়ার কথা স্বীকার করেন।

সাধারণ প্রবাসী শ্রমিক হিসেবে পাপুল বহু বছর ধরে কুয়েতে ছিলেন। এক সময় জনশক্তি আমদানির মাধ্যমে বড় ব্যবসায়ী হয়ে উঠেন তিনি। পরে দেশে ফিরে সংসদ সদস্য হন। পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com