রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: চলতি বছরের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন ৩ বিজ্ঞানী। এদের একজন যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোসটিনি, একজন জার্মানীর ফেরেন্স ক্রাউস এবং অপরজন সুইডেনের অ্যান ল’ হু্ইলিয়ার। এই তিনজন পেয়েছেন ২০২৩ সালের সর্বোচ্চ সম্মাননার পুরস্কার। পদার্থের ইলেক্ট্রন গতিবিদ্যায় অভাবনীয় সাফল্যের জন্য এই নোবেল পুরস্কার তাদের দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে পদার্থে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে সুইডেনের স্টকহোমের রয়্যাল সুইডিস একাডেমি।

নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও দামি পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়। মানবজাতির কল্যাণে সফল ও অসাধারণ উদ্ভাবন এবং আবিষ্কারে মৌলিক অবদানের জন্য ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী, প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এই বছর প্রথম সোমবার (২ অক্টোবর) ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল বিজয়ীদের নাম। পর্যায়ক্রমে আজ মঙ্গলবার (৩ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। নারী, পুরুষ বা যেকোনো প্রতিষ্ঠান এই পুরস্কারের আওতায় আসতে পারে।

আগামীকাল বুধবার (৪ অক্টোবর) রসায়নে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর ৫ অক্টোবর সাহিত্যে আর ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। দুই দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।

এর আগে পদার্থবিদ্যায় ২০২২ সালের নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন কোয়ান্টাম মেকানিক্সের দুনিয়ার ৩ বিজ্ঞানী। বিজ্ঞানী অ্যালেন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার, অ্যান্টন জেইলিঙ্গার এই পুরস্কার পেয়েছিলেন। কোয়ান্টাম ইনফরমেশনের দুনিয়ায় অভাবনীয় সাফল্যের জন্য তাদের এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।

রঞ্জন রশ্মি বা এক্সরে আবিষ্কারে অসামান্য অবদান রাখার জন্য পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পেয়েছিলেন বিজ্ঞানী উইলিয়াম রন্টজেন। এই পুরস্কারটিকে পদার্থবিজ্ঞানের সবচেয়ে সম্মাননার মানা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com