বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

মানুষের কল্যাণে কাজ করতে চান জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম

ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় জনকল্যাণে কাজ করবেন গণসংযোগকালে জামায়াত প্রার্থী নজরুল

নিজস্ব প্রতিনিধিঃ জুলাই সনদ বাস্তবায়ন ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সমাজের ভারসাম্য ফিরিয়ে আনতে ঢাকা-১ আসন দোহার নবাবগঞ্জের মানুষের কল্যাণে কাজ করতে চান জামায়াত ইসলামীর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি সোমবার তার নির্বাচনী এলাকার নবাবগঞ্জের বক্সনগর ইউনিয়নের বালুর টুকনীকান্দা ও শুরগঞ্জে দাড়িপাল্লার পক্ষে প্রচারণার সময় এ কথা বলেন।

নজরুল ইসলাম ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘ সময় আইন পেশায় পড়তে যুক্তরাজ্যে অবস্থান করেন। এছাড়া তিনি জামায়াত ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর মেয়ের জামাই। এ কারণে জামায়াতের কেন্দ্র থেকে জেলার সকলের নজর এ আসনে।

৫আগষ্টের পর দেশে ফিরেই অল্প সময়ে দোহার ও নবাবগঞ্জের মানুষের পরিচিত হয়ে উঠেছেন। তার গ্রামের বাড়ি নবাবগঞ্জের কলাকোপায়। লেখাপড়া করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে।তিনি তাঁতী সম্প্রদায়ের লোক হওয়ায় তাঁদেরকে টার্গেট করেই সবার দ্বারে দ্বারে যাচ্ছেন।

নজরুল ইসলাম বলেন, কিছু বন্ধুরা তার নারী সমর্থকদের হুমকি ধামকি দিয়ে ভয় দেখাচ্ছে। এছাড়া বিভিন্ন মসজিদের ইমামদের পরোক্ষভাবে ভয় দেখিয়েছে। তাঁরা যেন দাড়িপাল্লার পক্ষে কথা না বলে। এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, লিখিত নয়, মৌখিকভাবে রির্টানিং কর্মকর্তা ও পুলিশকে জানানো হয়েছে।

বাগমারা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, সব দলকেই দেখেছি। এরা ক্ষমতা পেলে সব দখল করে। লুটপাট করে। মানুষের চিন্তা করে না। তাই জামায়াত ইসলামীকে এবার দেখতে চাই। ক্ষমতা পেলে তাঁরা কি করে।

দোহারের বাসিন্দা মো. আশরাফ দেওযান বলেন, নজরুল সাহেব তো কারো নামে মামলা হামলা করেনি। তাঁকে ভোট দিলে এলাকায় শান্তি হবে। নতুন কোনো চাঁদাবাজ দখলবাজ তৈরী হবে না। তাই এবার নিয়ত করছি দাড়িপাল্লায় ভোট দিতে।

জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সোমবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার কলাকোপা, আগলা, গালিমপুর, চুড়াইন ও বক্সনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা, গণসংযোগ ও দাড়িপাল্লা প্রতীকের লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।

দোহারের কুসুমহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব দোহারী বলেন, মানুষ পরিবর্তন চায়। এবারের নির্বাচনে খারাপ ভালোর পরীক্ষা হবে। যারা দোকানে বাকি খেয়ে টাকা দেয় না। তাঁদের কথায় মানুষ আর ভোট দিবে না।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com