বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ফাইল ছবি নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সফরের প্রথম দিন তিনি রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় পৃথক তিনটি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।
দলীয় সূত্র জানায়, দুপুর ১২টায় রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সমন্বয়ে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলটির নেতারা দাবি করেছেন, তারেক রহমানের আগমন উপলক্ষে আজ রাজশাহীতে সর্বকালের সর্ববৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে গিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর আবারও তিনি রাজশাহী সফরে যাচ্ছেন। জনসভা মঞ্চ থেকেই রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিএনপির মোট ১৩ জন সংসদীয় প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান।
বুধবার রাজশাহী বিএনপির নেতারা জানান, তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা কয়েক দফায় জনসভাস্থল পরিদর্শন করেছেন এবং সার্বিক প্রস্তুতি তদারকি করেছেন।
রাজশাহী সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীসহ পুরো উত্তরবঙ্গের মানুষের জন্য তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসছেন। তার বক্তব্য দেশের মানুষকে নতুন দিশা দেখাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচি অনুযায়ী, রাজশাহীর জনসভা শেষে একই দিন নওগাঁ হয়ে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। সন্ধ্যায় নওগাঁ পৌঁছে এটিএম মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। পরে নওগাঁ থেকে বগুড়া যাত্রা করে রাত ৮টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় যোগ দেবেন। রাতে তিনি বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অবস্থান করবেন।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় তারেক রহমান নিজ নির্বাচনী এলাকা বগুড়ার চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন। এরপর মহাস্থানগড়ে জুমার নামাজ আদায় শেষে বিকেল সাড়ে ৩টায় পৈতিক নিবাস গাবতলীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখার মাধ্যমে সফর কর্মসূচি শেষ করবেন বিএনপি চেয়ারম্যান।