বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আওয়ামী লীগের গঠন করা নতুন সরকারের মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর সদ্য সাবেক তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী তাদের আইন পেশায় ফিরেছেন।
রবিবার ছিল নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম কার্যদিবস। তারা এদিন উৎসবমুখর পরিবেশে পার করেন দিনটি। এদিনই আগের মন্ত্রিসভার সদস্য রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী আবার সুপ্রিম কোর্টে এসে আইন পেশার কার্যক্রম শুরু করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট মাহবুব আলী পরাজিত হন। আর বাকি দুজন নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে। নতুন সরকারের মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তনের ফলে পুরনো মন্ত্রিসভার ২৮ জন বাদ পড়েন।
গতকাল অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের চেম্বারে এই তিন সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী আড্ডা দেন। সেখানে তারা কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে।
এসময় তারা মন্ত্রী থাকাকালীন সময়ে আইন পেশা ও সুপ্রিম কোর্ট অনেক মিস করেছেন বলে উল্লেখ করে সাংবাদিকদের বলেন, ‘আজ (গতকাল) থেকে আবার চিরচেনা জায়গায় ফিরে এলাম। সবাইকে দেখে খুব ভালো লাগছে।’