রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

নায়িকা পূজা দাদওয়ালকে বাঁচালেন সালমান

বিনোদন ডেস্ক:: একসময়ে সালমান খানের সহঅভিনেত্রীর ভূমিকায় থাকা পূজা দাদওয়াল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বলিউডের ভাইজানের কারণেই তিনি সুস্থ হয়ে উঠেছেন।

কয়েক মাস আগে খুবই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন ‘বীরগতি’র নায়িকা পূজা। চিকিৎসা তো দূরে থাক, এক কাপ চা খাওয়ার মতো টাকাও তার কাছে ছিল না। অবশেষে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ২ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন পূজা। তিনি ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথম প্রথম তিনি খুবই ভেঙে পড়েছিলেন। শ্বাসযন্ত্র ক্রমেই বিকল হয়ে পড়েছিল তার। তিনি অসুস্থ হতেই স্বামীও তাকে ছেড়ে চলে যায়। পূজার মধ্যে তখন ধারণা জন্ম নিচ্ছিল যে, তিনি আর বাঁচবেন না। কিন্তু শেষ পর্যন্ত লড়াই শুরু করেন তিনি। অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পূজা। আর সুস্থ হতে তাকে সাহায্য করেছিলেন সালমান খান।

এদিকে সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পূজা। তিনি জানিয়েছেন, তার পোশাক, খাওয়াদাওয়া সবই বন্দোবস্ত করেছিল সালমানের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিইয়িং হিউম্যান’।

শুধু সালমান নন, ভোজপুরী অভিনেতা রবি কিষেণও তাকে সাহায্য করেছিলেন বলে জানান পূজা। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও আরও এক মাস পূজাকে চিকিৎসার মধ্যে থাকতে হবে। সূত্র: এবেলা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com