সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

নায়ক রাজ্জাকের বায়োপিক ‘রাজাধিরাজ রাজ্জাক’

বিনোদন প্রতিবেদক::

বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা রাজ্জাককে নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক। ৯০ মিনিট ব্যাপ্তির ‘রাজাধিরাজ রাজ্জাক’ শিরোনামের এই বায়োপিকটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এই বায়োপিকটি নির্মাণে হাত দেন। রাজ্জাকের অকপটে দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণের পাশাপাশি এক সময়ে তার কলকাতায় বেড়ে ওঠা বসতভিটার হালচাল, সেখানে অবস্থানরত জীবিত নিকটাত্মীয় এবং ওই মহল্লার বন্ধু-বান্ধবের স্মৃতিচারণ বায়োপিকে তুলে ধরা হয়। সেইসঙ্গে রাজ্জাকের কালজয়ী দুর্লভ সিনেমার অংশ, গান এতে সংযোজন করেছেন শাইখ সিরাজ।

এই বায়োপিকে রাজ্জাককে নিয়ে কথা বলেছেন তার দীর্ঘ অভিনয় জীবনের সহশিল্পীরা, বিশেষ করে সুচন্দা, কবরী, ববিতা প্রমুখ। নায়করাজ রাজ্জাকের জন্মদিন উপলক্ষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বায়োপিকটি চ্যানেল আইতে প্রচার হবে ২৩ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায়।

ঢাকার সিনেমার প্রাণপুরুষ রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকীতে ‘রাজাধিরাজ রাজ্জাক’ নামে এই চিত্রগাঁথা প্রচার হয়েছিল। বড় পর্দার বড় এই নায়কের ভক্তদের জন্য বায়োপিকটি সিনেমা হলেও প্রদর্শিত হয়েছে। এর পাশাপাশি ফিল্ম আর্কাইভেও এটি সংরক্ষিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com