শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

নড়াইলে পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি ॥
নড়াইলের কালিয়া উপজেলার ফুলদহ গ্রামে পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সুকুমার সাহা এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে নিরাপত্তা ও প্রতিকার দাবি জানিয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ বাজার এলাকার একটি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্যে সুকুমার সাহা বলেন, তার বাড়ি ফুলদহ গ্রামে। দীর্ঘদিন ব্যবসার কাজে গ্রামের বাইরে অবস্থানকালে পৈতৃক সম্পত্তি দেখাশোনার দায়িত্ব নাথুরাম সাহার কাছে অর্পণ করেন। তার অভিযোগ, ওই সুযোগে নাথুরাম সাহা জালিয়াতির মাধ্যমে জমির কাগজপত্র তৈরি করেছেন।

তিনি জানান, এ বিষয়ে নাথুরাম সাহার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি উচ্চ আদালতেও বিচারাধীন রয়েছে।
সুকুমার সাহার দাবি, বর্তমানে ইমরান শেখ ও অমিত হাসান নাথুরাম সাহার কাছ থেকে জমি কেনার দাবি করছেন এবং একটি দানপত্র দলিল প্রদর্শন করছেন। এই দাবির ভিত্তিতে তারা তার বসতভিটা জবরদখলের চেষ্টা চালাচ্ছেন এবং বিভিন্ন সময় হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার সুযোগে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তা চেয়ে তিনি ফৌজদারি কার্যবিধির ৭ ধারায় মামলা করেছেন এবং বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও থানার পুলিশকে অবহিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com