বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

দোষ স্বীকার করে দেশে ফিরছেন অ্যাসাঞ্জ

বুধবার আদালতে হাজির হন অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দান মারিয়ানা আইল্যান্ডসে দেশটির একটি আদালতে দোষ স্বীকার করেছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। স্থানীয় সময় বুধবার আদালতে হাজির হন অ্যাসাঞ্জ। এর মধ্য দিয়ে দীর্ঘদিন কারাভোগের পর চূড়ান্তভাবে মুক্তি পেতে যাচ্ছেন তিনি।

অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের আদালতে নিজের দোষ স্বীকার করবেন, এটা মঙ্গলবারই জানা গিয়েছিল। যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের একক অভিযোগ স্বীকার করতে সম্মত হওয়ার পরে যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পান অ্যাসাঞ্জ।

মার্কিন বিচার বিভাগের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের যে ফৌজদারি অভিযোগ অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনা হয়েছে, আদালতে তা স্বীকার করবেন।

তিনি যুক্তরাজ্যের কারাগারে ১৯০১ দিন অতিবাহিত করার পর মঙ্গলবার সকালে বেলমার্শ সর্বোচ্চ নিরাপত্তা কারাগার থেকে বেরিয়ে যান। লন্ডনের হাইকোর্ট তাকে জামিন দেয় এবং বিকেলে স্ট্যানস্টেড বিমানবন্দরে তাকে ছেড়ে দেওয়া হয়, যেখানে তিনি একটি বিমানে চড়ে যুক্তরাজ্য ত্যাগ করেন। তার ৫ বছর ২ মাস কারাদণ্ড হতে পারে। তবে যুক্তরাজ্যে এরই মধ্যে একই সময় কারাভোগ করেছেন তিনি।

মার্কিন বিচার বিভাগের সঙ্গে চুক্তি অনুযায়ী, কারাগারে থাকা ওই সময়কে তার সাজাভোগের সময় হিসেবে ধরা হবে। ফলে তাকে নতুন করে আর কারাগারে থাকতে হবে না।

এদিকে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে চুক্তির অংশ হিসাবে গুপ্তচরবৃত্তির একক অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরে সাইপানের একটি মার্কিন আদালত থেকে মুক্ত হওয়ার পরে অস্ট্রেলিয়ায় তার বাড়ির পথে রওয়ানা দিয়েছেন।

আদালত থেকে বেরিয়ে আসার পরপরই অ্যাসাঞ্জের বিমানটি ক্যানবেরার উদ্দেশ্যে যাত্রা করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com