বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

দুর্নীতি ও অনিয়মে জড়িত কোনো বিচারককে ছাড় নয়: প্রধান বিচারপতি

আদালত প্রতিবেদক:: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুর্নীতি ও অনিয়মে জড়িত কোনো বিচারককে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে আইনজীবীদের কোনো অন্যায় দাবির কাছে মাথা নত না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বিচারকদের উদ্দেশে বলেন, আইনজীবীরা বারবার সময় আবেদন করলেই তা যেন গ্রহণ করা না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। অযথা শুনানি মুলতবি করলে বিচার প্রার্থীদের হয়রানি বাড়ে। বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে জেলা জজদের আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিচারকদের সুশৃঙ্খলভাবে কোর্ট পরিচালনা করতে হবে।

সম্প্রতি কয়েকটি জেলা আদালতে আইনজীবীদের সঙ্গে বিচারকদের বাহাসের ঘটনা ঘটে। এগুলোও প্রধান বিচারপতির নজরে আনেন জেলা জজরা। তখন প্রধান বিচারপতি বলেন, কোর্টের ডেকোরাম সকলকে বজায় রাখতে হবে। কোনো বিচারকের সঙ্গে কোন ধরনের অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটলে তা প্রধান বিচারপতিকে অবহিত করতে হবে। কোর্টের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষায় সকলকে সচেষ্ট থাকতে হবে।

অনুষ্ঠানে আপিল বিভাগের সব বিচারপতি বক্তব্য রাখেন। অভিভাষণ অনুষ্ঠানে ৩২০ জন জেলা জজ পদ মর্যাদা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com