সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

দিন দি ডে’র শুটিংয়ে তুরস্ক যাচ্ছেন অনন্ত-বর্ষা, ডিসেম্বরে মুক্তি

বিনোদন ডেস্ক::

তুরস্কে ‘দিন দি ডে’’ চলচ্চিত্রের শেষ ভাগের শুটিং সম্পন্ন করে ডিসেম্বরে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল।

ইতোমধ্যে বাংলাদেশ, ইরানের চলচ্চিত্রটির আশিভাগের দৃশ্যধারণ হয়েছে; বাকি বিশ ভাগের দৃশ্যধারণে চলতি মাসের শেষের দিকে চলচ্চিত্রের দুই অভিনয়শিল্পী অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা তুরস্কে যাবেন। তাদের সঙ্গে আরেক অভিনয়শিল্পী সুমন ফারুকেরও থাকার কথা রয়েছে।

অনন্ত জলিল বলেন, “বিশ ভাগের মধ্যে বেশ কয়েকটি সিক্যুয়েন্স রয়েছে। সঙ্গে দুইটি গানেরও দৃশ্যধারণ করা হবে তুরস্কে। শুটিং শেষে শিগগিরই পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করব।”

তিনি আরও যোগ করেন, পোস্ট প্রোডাকশন শেষে ডিসেম্বরের মধ্যেই ছবিটি মুক্তির পরিকল্পনা আছে। তবে ইরানের টিমের সঙ্গেও বিষয়টি নিয়ে সমন্বয় করতে হবে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিতব্য চলচ্চিত্রটির পরিচালনার দায়িত্বে আছেন ইরানী নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অভিনয়ের পাশাপাশি ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনার দায়িত্বে আছেন অনন্ত জলিল।

ছবিটিতে একজন চৌকস সোয়াট সদস্যের চরিত্রে অভিনয় করছেন এ অভিনেতা। ছবির চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com