বুধবার, ১৭ Jun ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

দর্জি মনির ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:: জননেত্রী শেখ হাসিনা পরিষদ নামে একটি ভুঁইফোঁড় সংগঠন গড়ে তুলে সংগঠনের সভাপতি দাবি করা মনির খান ওরফে দর্জি মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর কামরাঙ্গীরচর থানায় ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় বুধবার তার রিমান্ড মঞ্জুর করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম বুধবার দর্জি মনিরকে ঢাকার মুখ্য মহানগর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক হাকিম ধীমান চন্দ্র মন্ডল চার দিনের রিমান্ড আদেশ দেন।

কামরাঙ্গীরচর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. আলমগীর।

দরজি মনিরের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। মনিরের বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি একেক সময় একেক রাজনৈতিক পদবি ব্যবহার করেন। নিজেকে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দাবি করেন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবির সঙ্গে নিজের ছবি এডিট করে বসিয়েছেন মনির।

মামলার বাদী ইসমাইল হোসেন জানান, মনির খানকে তিনি ১৫ বছর ধরে চেনেন। একসময় মনির কামরাঙ্গীরচর এলাকার একটি দর্জির দোকানে কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন। পরে তিনি এলিফ্যান্ট রোডের একটি দোকানে চাকরি নেন। পরে মনির নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন।

মামলায় অভিযোগ করা হয়, মনিরের সহযোগীরা ঢাকা মহানগর ও বিভিন্ন জেলা-উপজেলায় কমিটি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকাও নিচ্ছেন। গত ৩০ জুলাই মনির খান মামলার বাদী ইসমাইল হোসেনের কাছে দুই লাখ টাকা চাঁদাও দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com