সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, কূটনৈতিক ডেস্ক ॥
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভ্যন্তরীণ বিষয় ও দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বেইজিং পছন্দ করে না বলে স্পষ্ট জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত এই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি চীনের এই অবস্থান তুলে ধরেন।
সার্বভৌমত্বের প্রতি সম্মান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “চীন সর্বদা প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিক। এই অঞ্চলের দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অন্য কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আমরা সমর্থন করি না।”
তিস্তা প্রকল্প ও উচ্চপর্যায়ের সফর আলোচিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, “তিস্তা প্রকল্প নিয়ে আমরা বাংলাদেশ সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সরকার সবুজ সংকেত দিলেই চীন কাজ শুরু করতে প্রস্তুত।”
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর নিয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত ইতিবাচক ইঙ্গিত দেন। তিনি বলেন, “অতীতে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের সফর বিনিময় হয়েছে। আমরা আশা করছি, অদূর ভবিষ্যতে পুনরায় বাংলাদেশ থেকে চীনে উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হবে।”
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।