সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

থাকসিন সিনাওয়াত্রা দেশে ফিরেই গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: দীর্ঘ ১৭ বছর স্বেচ্ছানির্বাসনের পর থাইল্যান্ডে ফেরার পরপরই গ্রেফতার হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। খবর আল-জাজিরা।

মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় সকালে সিঙ্গাপুর থেকে নিজস্ব বিমানে ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় হাজার হাজার লাল পোশাক পরা সমর্থক নাচ ও গান গেয়ে থাকসিনকে স্বাগত জানান।

দেশে ফেরার পর রাজার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন থাকসিন। এর কিছুক্ষণ পরই পুলিশ তাকে সুপ্রিম কোর্টে নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়। যেটিকে তিনি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পরিবারের একটি ছবি পোস্ট থাকসিন কন্যা পেতোংতার্ন সিনাওয়াত্রা লিখেছেন, থাইল্যান্ডে আবার স্বাগতম বাবা।

আরও লিখেছেন, দেশে ফিরেই বাবা আইনি প্রক্রিয়ায় প্রবেশ করেছেন।

২০০৬ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের সময় একটি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিদেশে বসবাস করছেন থাকসিন সিনাওয়াত্রা।

বিবিসির খবরে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী থাকসিনকে ডন মুয়াং বিমানবন্দর থেকে সরাসরি ব্যাংককের সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে সম্ভবত একটি কারাগারে নিয়ে যাওয়া হতে পারে। তবে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হবে না বলে মনে করছেন তার সমর্থকরা।

থাইল্যান্ডের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত রাজনীতিবিদ ৭৪ বছর বয়সী থাকসিন। রাজতন্ত্র ও সামরিকপন্থিদের ঘৃণার শিকার হলেও থাকসিন সিনাওয়াত্রা তার শাসনামলে নেওয়া নীতিমালার জন্য ২০০০ সালের শুরু দিকে অনেক সাধারণ থাই জনতার গ্রামীণ জীবনে পরিবর্তন আনার মাধ্যমে আস্থা অর্জন করতে পেরেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com