শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে (২০২২-২৩) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ–সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা জিতেছেন। সাদা প্যানেলের প্রার্থীরা মোট ১৭টি পদে জিতেছেন। বিএনপি-জামায়াত সমর্থকদের নীল প্যানেলের প্রার্থীরা ৬টি পদে বিজয়ী হয়েছেন।
গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের ভোটগ্রহণ হয়।
সমিতির ১৯ হাজার ৮৪৭ জন সদস্যের মধ্যে ১১ হাজার ২৮৫ জন ভোট দেন।
সভাপতি নির্বাচিত হয়েছেন সাদা প্যানেলের মাহবুবুর রহমান। সাধারণ সম্পাদক পদেও একই প্যানেলের মো. ফিরোজুর রহমান (মন্টু) নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় গণনা শুরুর পর শনিবার সকালে ফল ঘোষণা করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আবু।
সাদা প্যানেল থেকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে এ কে এম শফিকুল ইসলাম (স্বপন), কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নূর হোসেন, জ্যেষ্ঠ সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈদ সিদ্দিক (টিপু), সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিমা ইয়াসমিন (দিপা), অফিস সম্পাদক পদে মোহাম্মদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান (মনির) বিজয়ী হয়েছেন।
সাদা প্যানেল থেকে বিজয়ী সদস্যরা হলেন- ইমতিয়াজ মাহমুদ (প্রিন্স), আবু সুফিয়ান, গোলাম ইমাম হোসেন, মো. রাকিবুল ইসলাম (রাকিব), সামিউল ইসলাম (প্রিন্স), মো. আবুল বাশার ও মো. জাহাঙ্গীর আলম (জাহিদ)।
নীল প্যানেল থেকে লাইব্রেরি সম্পাদক পদে রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে মোশারফ হোসেন মোল্লা জয়ী হয়েছেন।
নীল প্যানেলের বিজয়ী সদস্যরা হলেন- ফয়সাল কবির (সৌরভ), ফরিদুল হাসান (তুষার), মোজাহিদুল ইসলাম ও মশিউর রহমান (মানিক)।