শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হাঁটুপানিতে তলিয়ে গেছে

নিজস্ব প্রতিবেদন : টানা বৃষ্টি এবং প্রতিবেশী দেশ ভারত থেকে নেমে আসা ঢলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম হাঁটুপানিতে তলিয়ে গেছে । ফলে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে । এতে দুর্ভোগে পড়েছে যানবাহন চালক ও যাত্রী সাধারণ ।

বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট শুরু হয় । এখনও পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ হচ্ছে ।

খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে । সড়ক ডুবে যাওয়ায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে । ফলে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে ।

পরিবহন চালক জহির আলী জানান, কালির বাজারের পর থেকে সড়কে হাঁটুপানি। ফলে গাড়ি চালানো অনেক কষ্টকর । ধীরগতি হওয়ায় সড়কে যানজট লেগেছে ।

মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন গণমাধ্যমকে বলেন, মহাসড়কে পানির কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com