রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

ডেঙ্গু ও চিকুনগুনিয়া জনস্বাস্থ্যের জন্য হুমকি: আমানউল্লাহ

নিজস্ব প্রতিনিধি, (ঢাকা) কেরানীগঞ্জ॥
ডেঙ্গু ও চিকুনগুনিয়া জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ হুমকি থেকে বাঁচতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। নিয়মিত বাড়ির আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

শনিবার (২৮ মার্চ) সকালে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক অভিযান ও আলোচনা সভায় প্রধান অতিথি ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমনের নির্দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাসা-বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। কারণ জমে থাকা পানিই এডিস মশার প্রধান প্রজনন ক্ষেত্র। তাই ডেঙ্গ ও চিকুনগুনিয়ারোধে সকলকে সচেতন থাকতে হবে। এব্যাপারে প্রতিবেশীদেরকেও উদ্বুদ্ধ করতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রসঙ্গে তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে কেরানীগঞ্জ স্বাস্থ্য কমেপ্লক্সে রোস্টার অনুযায়ী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ সেবাদানে নিয়োজিত সকলকেই নিয়মিত ডিউটি করতে হবে। সকলকে তার নিজ নিজ জায়গা থেকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক, কেরানীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল মোকাদ্দেস ও কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম প্রমুখ।

পরবর্তীতে দুপুরে আমানউল্লাহ আমান কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ২০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাভার উপজেলার আমিন বাজার কমিউনিটি ক্লিনিকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com