রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

ট্রেনের টিকিটেই বাসে করে গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা

ট্রেনের টিকিটেই বাসে করে গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা

অনলাইন ডেস্ক:: বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গতকাল সোমবার দিবাগত মধ্যরাত থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটসমূহে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) সোয়া ৯টার দিকে সংবাদমাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ ২৮ জানুয়ারি থেকে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এ পরিপ্রেক্ষিতে রেলওয়ের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রেল রুটগুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা ট্রেনের টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। একই সঙ্গে উল্লেখিত জায়গাগুলো থেকে বিআরটিসি বাসের মাধ্যমে ঢাকাতেও আসতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, সারাদেশে কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা। আর এতেই বন্ধ রয়েছে সারাদেশের ট্রেন চলাচল।

উল্লেখ্য, রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন গত ২২ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয়। দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com