শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেলজয়ী জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং খোলা শোক বইতে বার্তা লেখেন।

মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন প্রধান উপদেষ্টাকে দূতাবাসে স্বাগত জানান।

দূতাবাসে সংক্ষিপ্ত অবস্থানকালে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের সাথে তার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং বোল্ডিনকে জানান, তিনি জর্জিয়ায় জিমি কার্টারের বাড়িতে গিয়েছিলেন।

এসময় ড. ইউনূস বলেন, জিমি কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন।

তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের ভূমিকারও প্রশংসা করেন।

ড. ইউনূস ১৯৮৬ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে এখানে তার প্রভাবশালী কাজের গভীর প্রশংসা করেন।

স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা যান। তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেইন্সে তার বাড়িতে ছিলেন। সেখানে তিনি তার স্ত্রী রোজালিন কার্টারের সাথে থাকতেন। ২০২৩ সালের ১৯ নভেম্বর মারা যান সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com