শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

জামিনে মুক্তি পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন

গাজীপুর সংবাদদাতা:: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন অর্থ আত্মসাতের মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌণে ৬টার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার হালিমা খাতুন জানান, ধানমন্ডি থানার এক মামলায় গ্রেফতারকৃত শামীমা নাসরিনকে গত ২১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তখন থেকেই তিনি এ কারাগারে বন্দী ছিলেন। তার বিরুদ্ধে ৩৩টি মামলা রয়েছে। সম্প্রতি তিনি সেসব মামলায় জামিন লাভ করেন। আদালত থেকে তার জামিন সংক্রান্ত কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে বুধবার বিকেলে তাকে কারামুক্তি দেয়া হয়।

কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, গত ১৮ সেপ্টেম্বর গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীনের বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় মো: কামরুল ইসলাম চকদার নামে এক ব্যবসায়ী মামলাটি করেন। মামলায় তিনি উল্লেখ করেন, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি। কামরুল ইসলামের দায়ের করা মামলায় শামীমা নাসরীনকে গ্রেফতার দেখানো হয়। এরপর থেকেই তিনি কারাবন্দী ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com