রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি।। জামালপুর শহরের প্রধান সড়কের রেলওয়ে ওভারপাস ফ্লাইওভারে ফেলে রেখে যাওয়া বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল। সেনাবাহিনীর সহায়তায় সেটিকে নিস্ক্রিয় করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘাটাইল সেনানিবাস থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট ১৪ নভেম্বর, শনিবার রাতে ঘটনাস্থলে পৌঁছে। সেই ইউনিটের দু’জন সেনা সদস্য সেই বস্তুটিকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় রেলওয়ে ওভারপাসের নিচে স্থানীয় ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে যান। সেখানে বোমাটিকে তারা ধ্বংস করেন। তখন বিস্ফোরণের বিকট শব্দে ভূমি কেঁপে উঠে এবং বারুদের অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায়।
অন্যদিকে প্রায় সাড়ে ৫ ঘন্টা বন্ধ থাকার পর রাত ১১টার দিকে রেলওয়ে ওভারপাস ফ্লাইওভার খুলে দেওয়া হয় যানবাহন চলাচলের জন্য।
এর আগে ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে এই রেলওয়ে ওভারপাসের মাঝামাঝি কে বা কারা যেন লাল কসটেপ দিয়ে পেঁচানো একটি বড় কৌটা রেখে যায়। সেটি এই রেলওয়ে ওভারপাসে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীর নজরে আসে। পরে সেটি বোমাসদৃশ বস্তু বলে জনমনে ছড়িয়ে পড়ছিল।