মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্য হয়েছে। মাদারগঞ্জের জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মারা গেছে দেড় বছর বয়সি শিশু ইয়ামিন। নিহত ইয়ামিন বেতাগা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
সকালে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বকশীগঞ্জে বাড়ির পাশের সিংগি ডোবা বিলের পানিতে ডুবে মারা গেছে দুই বছর বয়সী শিশু মোহাম্মদ আলী। শিশু মোহাম্মদ আলী সাধুরপাড়া ইউনিয়নের গাজীর পাড়া গ্রামের সুজা আলীর ছেলে। সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী সবার অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন বাড়ির লোকজন। এক পর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।