শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : দেশে হঠাৎ ভয়াবহ বন্যায় অন্তত ১০ লাখ পরিবার পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করছে । দেশের ১১টি জেলা বর্তমানে বন্যাকবলিত । গত তিন দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে । এমন অবস্থায় চট্টগ্রামে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে কাঁচা মরিচের ।
সরবরাহ না থাকায় বাড়ে সংকট । গতকাল শনিবার চট্টগ্রামের বিভিন্ন বাজারে কেজিপ্রতি কাঁচা মরিচ বিক্রি হয়েছে এক হাজার টাকা দরে। অপরদিকে রাজধানী ঢাকার বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ২৬০-২৮০ টাকায় । গত বৃহস্পতিবার কাঁচা মরিচ বিক্রি হয় ২০০ টাকা কেজিতে ।
এ ছাড়া সরবরাহ কম থাকায় বেড়েছে বেগুনের দাম। কেজি প্রতি বেগুনের দাম ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়েছে । গতকাল প্রতি কেজি বেগুন বিক্রি হয় ১১০-১৩০ টাকায় ।
এদিকে বাজারে ব্রয়লার মুরগি, মুরগির ডিম, মাছ ও অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে ।
প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০০-১১০ টাকা, আলু ৫৫ টাকা, রসুন ২০০-২২০ টাকা ও আদা ২৬০-২৮০ টাকায় বিক্রি হয়েছে । খুচরায় এক সপ্তাহ আগের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা ও আলুর দাম ৫ টাকা কমেছে । এ ছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি মুরগি ২৫০-২৬০ টাকা এবং প্রতি ডজন ফার্মের মুরগির বাদামি ডিম ১৫০-১৫৫ টাকায় বিক্রি হয়েছে ।
তবে বন্যা পরিস্থিতিতেও মাছের দামে তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন ঢাকার একাধিক খুচরা বাজারের মাছ ব্যবসায়ীরা । তারা জানান, বন্যার কারণে মাছের দামে তেমন প্রভাব পড়েনি ।
গতকাল প্রতি কেজি রুই মাছ ৩০০-৩৩০ টাকা, তেলাপিয়া ২০০-২২০ টাকা, পাঙ্গাশ ২০০ টাকায় বিক্রি হয়েছে । দুই সপ্তাহ ধরে এ দামেই এসব মাছ বিক্রি হচ্ছে । তবে বন্যায় অনেক গবাদি পশু মারা যাওয়ায় কয়েক দিনের মধ্যে গরু ও খাসির মাংসের দাম কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা ।