শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

‘ঘুমের মধ্যে এখনো স্বপ্নে দেখি, পুলিশ আমাকে গুলি করছে

নিজস্ব প্রতিনিধি : নির্মাণাধীন ভবনে ঝুলে থাকা তরুণকে লক্ষ্য করে পুলিশের গুলি করার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ।

নির্মাণাধীন একটি ভবনের চারতলার রড ধরে ঝুলে আছেন একজন তরুণ; তাঁকে লক্ষ্য করে পুলিশ গুলি করছে—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল (ছড়িয়ে পড়া) হয়েছে ।

সেই তরুণ বেঁচে আছেন । তাঁর নাম আমির হোসেন (১৮) । তিনি বলেছেন, ‘ঘুমের মধ্যে এখনো স্বপ্নে দেখি, পুলিশ আমাকে গুলি করছে ।’

নির্মাণাধীন ভবনটি রামপুরার মেরাদিয়ার । গত ১৯ জুলাই সেখানে গুলিবিদ্ধ হন আমির । তিনি জানান, একজন শিক্ষার্থী ও দুজন চিকিৎসক তাঁকে উদ্ধার করেন । তারপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান । সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে । সেখানে তিন দিন চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফেরেন ।

আমিরের ভাষ্য, একপর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া করে পুলিশ ভবনটির চারতলায় উঠে যায় । সেখানে তাঁকে পেয়ে যায় । পুলিশের সদস্যরা তাঁর দিকে আগ্নেয়াস্ত্র তাক করে বারবার নিচে লাফ দিতে বলেন । একজন পুলিশ সদস্য তাঁকে ভয় দেখাতে কয়েকটি গুলিও করেন । একপর্যায়ে ভয়ে তিনি লাফ দিয়ে নির্মাণাধীন ভবনটির রড ধরে ঝুলে থাকেন ।

আমিরের দুই পায়ে মোট ছয়টি গুলি করেছে পুলিশ । গুলিগুলো এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে । এখন তাঁকে বিছানায় পড়ে থাকতে হচ্ছে । রোববার মেরাদিয়ায় নয়াপাড়ায় আমিরের বাসায় গিয়ে দেখা যায়, দুই পায়ের নিচে বালিশ দিয়ে শুয়ে আছেন তিনি ।

আমিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। ছয়-সাত বছর আগে মাকে হারিয়ে তাঁরা তিন ভাই-বোন ঢাকায় চলে আসেন । বাবা বিল্লাল মিয়া গ্রামে অটোরিকশা চালান । নয়াপাড়ায় একটি টিনশেড বাসায় তিন ভাই-বোন থাকেন ।

আমিরের বাসাটি এখন মেরাদিয়া এলাকার অনেকেই চেনেন । গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মেরাদিয়ায় গিয়ে পাঁচজন রিকশাচালক ও দোকানদারের কাছে জানতে চাওয়া হয়, ঝুলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হওয়া লোকটির বাসা কোথায় । তিনজন আমিরের ঘটনাটি জানেন । তাঁর বাসা কোথায়, তা-ও জানান ।

চাকরি না করে কীভাবে নিজের চিকিৎসা করাবেন, সংসার চলবে কীভাবে, সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি ।

আমির হোসেন বলেন তিনি ঘুমের মধ্যে এখনো পুলিশের গুলি করার স্বপ্ন দেখেন ।

গিয়ে দেখা যায়, একটি আধা পাকা বাড়ির দুটি কক্ষ নিয়ে থাকেন আমির ও তাঁর ভাই-বোন । আমির আফতাবনগরে একটি দোকানের কর্মী হিসেবে চাকরি করতেন । তাঁর বড় ভাই নয়ন মিয়া পোশাক কারখানায় কাজ করেন । আমির ও তাঁর ভাইয়ের আয়ে তিনজনের সংসার চলে । বোন সবার ছোট । তার নাম হাসনা (১৬) ।

১৯ জুলাই কী ঘটেছিল, জানতে চাইলে আমির হোসেন বলেন, বিক্ষোভের কারণে দোকান বন্ধ ছিল । সেদিন ছিল শুক্রবার । তিনি জুমার নামাজ পড়ে বাসায় ফিরছিলেন । বাসার কাছেই পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়ে যান তিনি । পুলিশ গুলি শুরু করে । তিনি দৌড়ে নির্মাণাধীন ভবনটির চারতলায় গিয়ে আশ্রয় নেন ।

আমিরের ভাষ্য, একপর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া করে পুলিশ ভবনটির চারতলায় উঠে যায় । সেখানে তাঁকে পেয়ে যায় । পুলিশের সদস্যরা তাঁর দিকে আগ্নেয়াস্ত্র তাক করে বারবার নিচে লাফ দিতে বলেন । একজন পুলিশ সদস্য তাঁকে ভয় দেখাতে কয়েকটি গুলিও করেন । একপর্যায়ে ভয়ে তিনি লাফ দিয়ে নির্মাণাধীন ভবনটির রড ধরে ঝুলে থাকেন ।
আমির বলেন, তিনি যখন ঝুলে ছিলেন, তখন তৃতীয় তলা থেকে একজন পুলিশ সদস্য তাঁকে লক্ষ্য করে ছয়টি গুলি করেন । গুলিগুলো তাঁর দুই পায়ে লাগে । একপর্যায়ে পুলিশ চলে যায়, তিনি ঝুলে ছিলেন । পরে তিনি ঝাঁপ দিয়ে কোনোরকমে তৃতীয় তলায় পড়েন । সেখানে দুই পা দিয়ে রক্ত ঝরছিল । প্রায় তিন ঘণ্টা পর তাঁকে উদ্ধার করেন একজন শিক্ষার্থী ও দুই চিকিৎসক ।

চিকিৎসক দুজন স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালের । তাঁদের ডেকে এনেছিলেন ওই শিক্ষার্থী। আমির তাঁদের নাম জানেন না । তিনি বলেন, চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন । ঢাকা মেডিকেল থেকে তিন মাসের ওষুধ লিখে দিয়ে তাঁকে বাসায় পাঠানো হয় ।

আমির বলেন, তিনি এখন অন্যের সাহায্য ছাড়া শৌচাগারেও যেতে পারেন না । দিনের বেলায় পায়ে তেমন ব্যথা থাকে না । তবে রাতে প্রচণ্ড ব্যথা হয় । ব্যথার কারণে ঘুম তেমন একটা হয় না । তিনি আরও বলেন, চিকিৎসকেরা তাঁকে তিন মাস বিশ্রামে থাকতে বলেছেন । কিন্তু চাকরি না করে কীভাবে নিজের চিকিৎসা করাবেন, সংসার চলবে কীভাবে, সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি । আমির বলেন, তিনি আর কখনো আগের মতো হাঁটাচলা করতে পারবেন কি না, সেটা নিশ্চিত নন ।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় গত ১৬ জুলাই । ১৮, ১৯ ও ২০ জুলাইয়ের মধ্যে সবচেয়ে বেশি বিক্ষোভ ও মৃত্যুর ঘটনা ঘটে । কোটা সংস্কার, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন এবং ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর এখন পর্যন্ত মোট ৬২৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে ।

কত মানুষ আহত হয়েছেন, তার সঠিক পরিসংখ্যান নেই । স্বাস্থ্য বিভাগের ধারণা, সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন । গত শুক্রবার পর্যন্ত রাজধানীর সাতটি সরকারি হাসপাতালে ৪৩৯ জন রোগী ভর্তি ছিলেন । তাঁদের ১০ জনের পা কাটা গেছে, ১ জনের এক হাত কাটা গেছে । অনেকের হাতে, পায়ে বা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত আছে । ৩২ জনের চোখে আছে ছররা গুলির আঘাত ।

সরকার আহত ব্যক্তিদের বিনা খরচে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে । তবে অনেকে আগেই নিজ খরচে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন । এখন ওষুধ ও পথ্য কিনতে হচ্ছে । তাঁরা কাজ করতে পারছেন না । সব মিলিয়ে নিম্ন আয়ের আহত মানুষের জীবনে দুর্দশা নেমে এসেছে ।

আমিরের বড় ভাই নয়ন মিয়া প্রথম আলোকে বলেন, দুই ভাইয়ের উপার্জনের টাকায় খুব কষ্টে সংসার চলে তাঁদের। ছোট ভাই গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসায় অনেক টাকা খরচ করতে হচ্ছে । তাঁর একার উপার্জনের টাকায় ছোট ভাইয়ের চিকিৎসা ও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com