শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি ৬ ফ্লাইট অনলাইন ডেস্ক:: ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পষ্টভাবে দেখতে না পারায় ছয়টি ফ্লাইট যথাসময়ে অবতরণ করতে পারেনি। এর মধ্যে ঢাকার আকাশ থেকে ঘুরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করতে বাধ্য হয় তিনটি ফ্লাইট। আর তিনটি অবতরণ করে সিলেট বিমানবন্দরে।
রোববার মধ্যরাত থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত এই অবস্থা চলেছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘন কুয়াশার জন্য কয়েকটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতা পাঠানো হয়েছে। সেই সঙ্গে সিলেট ওসমানী বিমানবন্দরে পাঠানো হয়েছে তিনটিকে। তবে সকাল ১০টার পর থেকে ফ্লাইট চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মধ্যরাতে কুয়েত সিটি থেকে আসা কুয়েত এয়ারওয়েজের দুটি ফ্লাইট ও ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। পরবর্তী সময়ে সকাল ৯টার পর তারা ঢাকায় অবতরণ করে।
এদিকে ঘন কুয়াশার মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। তাদের মধ্যে রয়েছে- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই, গাল্ফ এয়ারের বাহরাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজাহ, জেদ্দা, সিঙ্গাপুর, ড্রুক এয়ারের পারো থেকে আসাসহ আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইট।
একসঙ্গে অনেক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের অপেক্ষায় থাকায় বিমানবন্দরের রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে বিমানবন্দর সূত্র।