শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ছাত্র-জনতার অভ্যুত্থানে ঘটা ‘গণহত্যা’ তদন্তে বাংলাদেশ জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল এসেছিল। এটি ছিল তাদের সৌজন্য সাক্ষাৎ। আমরা তাদের নিশ্চয়তা দিয়েছি, যে কোনো ব্যাপারে যেকোনো ধরনের সাহায্য-সহযোগিতা দরকার হলে আমরা তা দেব।” “জাতিসংঘ মিশনে আমাদের পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যাতে আরও বেশি যেতে পারেন, আমরা তাদের সে বিষয়ে অনুরোধ করেছি। তারা বলেছেন, বাংলাদেশের যারা ইউএন মিশনে আছেন তারা খুবই ভালো কাজ করছেন। তারা খুবই প্রশংসা করেছেন। বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ যাতে সব সময় এক নম্বরে থাকতে পারে সেই ব্যবস্থা তারা করবেন।”
বৈঠক শেষে জাতিসংঘের হাইকমিশনার দফতরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন বলেন, “ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংসতা তদন্তের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।” সব অভিযোগের সত্যানুসন্ধান ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের সরকার, শিক্ষার্থী ও সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে বলেও জানান তিনি।