বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কালীগঞ্জ জোড়াব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক সাংবাদিকদের বলেন, অভিযানে খালের তীরে গড়ে ওঠা মোট ২০টি অবৈধ টং ও ছাপড়া ঘর উচ্ছেদ করা হয়। এর মধ্যে কালীগঞ্জ জোড়াব্রিজের ওপর স্থাপিত কয়েকটি ফলের দোকানও রয়েছে।
তিনি আরও বলেন, শুভাঢ্যা খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে এবং দখল ও দূষণ রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অংশ নেন দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহম্মেদ ও আগানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক তাইবুর রহমানসহ প্রমুখ।