রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

একুশের কণ্ঠ ডেস্ক:: দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলের রানিং স্টাফরা। এরপর দেশের কয়েকটি অঞ্চল থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। ভোর থেকে স্টেশনে আসতে শুরু করেছেন যাত্রীরা।

বুধবার (২৯ জানুয়ারী) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে রানিং স্টাফ এবং কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

তিনি বলেন, কর্মবিরতি প্রত্যাহারের সঙ্গে সঙ্গে কাজে ফিরেছেন রানিং স্টাফরা। ভোররাত থেকেই ট্রেন চলছে। উপদেষ্টা আশ্বস্ত করেছেন বুধবারের মধ্যে দাবি পূরণ করে রানিং স্টাফদের ভাতা ও পেনশন সুবিধা পুরনো নিয়ম পুনর্বহালে সরকারি আদেশ জারি হবে।

এর আগে মঙ্গলবার রাতে রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বেইলি রোডের বাসায় বৈঠক শেষে রেলের স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা আসে।

উপদেষ্টার বাসায় দুই পক্ষের মধ্যস্থতা বৈঠকে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।

এরপর রাত সোয়া ২টার দিকে ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিক নেতাদের সাথে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সাথে দেখা করেছি। এ বিষয়ে প্রেস কনফারেন্স রাত ২টা ৩০ মিনিটে।

পুরনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা পুনর্বহালের দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করেন রানিং স্টাফরা। সারাদেশে প্রায় ২৭ ঘণ্টা সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল। তিন শতাধিক যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল হয়। দুর্ভোগে পড়েন লাখো মানুষ। তারই জেরে মঙ্গলবার রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর করেন বিক্ষুদ্ধ যাত্রীরা। পরিস্থিতি শান্ত রাখতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। কড়া পাহারায় ছিল পুলিশও।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com