শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

কর্মবিরতিতে যাচ্ছেন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক : কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সারা দেশে কর্মবিরতিতে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা ।

রবিবার সাড়ে ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীদের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানান ঢামেকের নিউরো সার্জারি বিভাগের ডা. আব্দুল আহাদ ।

এ বিষয়ে দুপুর ২টার পর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি ।

এর আগে চিকিৎসাধীন এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের ঘটনায় কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা ।
এর ধারাবাহিকতায় আজ সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন তারা । এতে করে বন্ধ হয়ে যায় ঢাকা মেডিক্যালের সব জরুরি বিভাগ, বহিঃবিভাগের সেবা । এতে ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগীরা ।

ডা. আব্দুল আহাদ বলেন, ‘গতকাল শনিবার নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় আমরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই ।
কিন্তু তিনি আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন । তাই আমরা এমন কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি ।’

এই ঘটনায় একাত্মতা প্রকাশ করেছেন ঢামেকের নার্স ও কর্মচারীরা । নার্সদের পক্ষ থেকে জামাল উদ্দিন বাদশা বলেন, ‘আমরা চিকিৎসকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি ।
আমাদের দাবি, সব কর্মস্থলে নার্সদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ।’

এদিকে সকাল থেকে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা জরুরি বিভাগে দুর্ভোগে পড়তে দেখা গেছে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com