রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

করোনায় আক্রান্ত হয়ে চলচ্চিত্র প্রযোজক মোজাম্মেলের মৃত্যু

বিনোদন প্রতিবেদক::

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চলচ্চিত্র প্রযোজক হাজি মোজাম্মেল হক সরকার মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১১টায় তার মৃত্যু হয় বলে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানান।

মৃত্যুকালে হাজি মোজাম্মেল হক সরকারের বয়স হয়েছিল ৫৫ বছর। চারদিন আগে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গাজীপুরের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।

খসরু বলেন, “করোনাভাইরাসে এই প্রথম চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্ট কারো মৃত্যু হলো। তার মৃত্যুতে আমরা শোক জানাচ্ছি।”

মোজাম্মেল হক বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য ছিলেন। নিজের মালিকানায় মেসার্স ভাওয়াল পিকচার্সের ব্যানারে বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি।

তার প্রযোজিত শেষ ছবি শাকিব খান-অপু বিশ্বাস জুটির চলচ্চিত্র ‘পাংকু জামাই’ মুক্তি পায় ২০১৮ সালে।

মোজাম্মেল হক সরকারের মরদেহ তার গ্রামের বাড়ি গাজীপুরে নেওয়া হয়েছে; সরকারি নির্দেশনা মেনে মঙ্গলবার সেখানে তার দাফন হবে বলে জানান খসরু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com