শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
কুমিল্লা প্রতিনিধি : ‘যহন হুনছি ভাঙ্গা পড়ছে, তহন আমডা আর কোনো দিকে না চাইয়া এক কাপড়ে বাইর হইছি । কিচ্ছু আনতাম পারছি না ।’ গতকাল শনিবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার মহিষমারা এলাকায় বন্যার পানিতে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন মনোয়ারা বেগম । সঙ্গে ছিলেন তাঁর স্বামী ফজলু মিয়া ।
ফজলু–মনোয়ারার বাড়ি মহিষমারা এলাকা থেকে দেড় কিলোমিটার ভেতরে । পানি বাড়ার খবরে তাঁরা গত বৃহস্পতিবার ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেন । শনিবার নিজেদের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা । তবে স্বেচ্ছাসেবকেরা তাঁদের বাড়ির দিকে স্রোত বেশি থাকায় যেতে দেননি ।
মহিষমারা এলাকায় বন্যার পানিতে দাঁড়িয়ে মনোয়ারা বেগম বলছিলেন, ‘আইজ আবার আইলাম বাড়িডারে দেখতে । পোলাপাইনডি আমডারে যাইতো দেয় না । তাঁরা কয় হেয়ানো বলে অনেক হোত ।’ এসব কথা বলে জোরে জোরে কাঁদছিলেন মনোয়ারা বেগম ।
ফজলু মিয়া বলেন, ঘরে ছয় মণ চাল ছিলো । এগুলোই ছিল তাঁর সম্পদ । এই চালের টানে তিনি আবার বাড়িতে যেতে চান । তাঁর বিশ্বাস, এখনো তাঁর চালগুলো ভালো আছে । পানিতে ভিজেনি ।
যেখানে গোমতী নদীর পাড় ভাঙছে, এর খুব কাছেই ফজলু–মনোয়ারাদের ঘর । স্থানীয় লোকজন বলেন, ওই এলাকার বাড়িঘর সব পানির নিচে । কোনো কিছুই অবশিষ্ট নেই। সব বন্যার পানিতে তলিয়ে গেছে ।
ফজলু মিয়া কান্না করতে করতে বলছিলেন, তাঁর তিন ছেলে। এক ছেলে তাদের সঙ্গে থাকে । সে তরকারি বিক্রি করে । আর দুই ছেলে দূরে থাকেন । ফজলু মিয়ার তেমন আর্থিক সংগতি নেই । গত বৃহস্পতিবার রাতে গোমতী নদীভাঙার খবরে স্ত্রী মনোয়ারাকে নিয়ে এক কাপড়ে বের হন । চলে যান পাঁচ কিলোমিটার দূরের রসুলপুর গ্রামে । সেখানে শুক্রবার সারা দিন ও শনিবার সকাল পর্যন্ত ছিলেন । পরে হেঁটে হেঁটে আবার বাড়ির দিকে রওনা করেন ।
ফজলু–মনোয়ারা দম্পতিকে মহিষমারা এলাকায় থামিয়ে দেন স্বেচ্ছাসেবীরা । স্বেচ্ছাসেবীদের একজন ওবায়দুর রহমান । তিনি বলেন, বাজারের পাশেই বুড়বুড়িয়ায় বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গোমতী নদীর পাড় ভেঙে যায় । তীব্র স্রোতের কারণে সেখানে কেউ যেতে পারছে না ।
উদ্ধারকারী নৌকাগুলো স্রোতের কারণে নানুয়ার বাজার ও বুড়বুড়িয়াতেও যেতে পারছে না । তাই ফজলু মিয়া ও তাঁর স্ত্রীকে সেখানে যেতে নিষেধ করা হয়েছে । ওই দিকে যে স্রোত, তাঁরা এই স্রোতের সঙ্গে টিকতে পারবেন না । স্বেচ্ছাসেবকদের কথা শুনে ফিরে যান ফজলু মিয়া ও মনোয়ারা বেগম ।