শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

ওসি প্রদীপ দম্পতির মামলার রায় ২৭ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ই-কণ্ঠ অনলাইন:: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ মডেল থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী ২৭ জুলাই।

সোমবার (১৮ জুলাই) দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ রায়ের এই তারিখ ঠিক করে দেন।

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ বলেন, আমরা আগেই যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছি। আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনও আজ শেষ হয়েছে। ২৭ জুলাই রায় ঘোষণা করা হবে।

আসামিপক্ষে এ মামলায় যুক্তি উপস্থাপন করেন আইনজীবী সমীর দাশগুপ্ত। মামলার দুই আসামি প্রদীপ ও চুমকি দুজনই আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৯ মে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-জেরা শেষ হয়। মামলায় সাক্ষী করা হয়েছিল মোট ২৯ জনকে। তাদের মধ্যে তদন্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনসহ ২৪ জনের সাক্ষ্যগ্রহণ হয়। গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামল বিচারে আসে।

২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে এপিবিএন চেকপোস্টে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় টেকনাফের ওসি প্রদীপকে কারাগারে যাওয়ার পর তার অবৈধ সম্পদের খোঁজে তদন্তে নামে দুদক।

ওই বছর ২৩ অগাস্ট দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com