বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

এপ্রিল মাসের আইসিসির সেরা নাহিদ রানা

আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নাহিদ রানা। ছবি: সংগৃহীত

স্পোর্টস রিপোর্টার:: বাংলাদেশের পেসার নাহিদ রানার সময়টা বেশ ভালো যাচ্ছে। বল হাতে আগুন ঝরিয়ে বিশ্ব ক্রিকেটে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছেন নাহিদ। প্রাপ্তি ডালায়, অর্জনের মালায় ভেসে যাচ্ছেন তিনি। দ্রুতগতির এই বোলারের সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। আইসিসির এপ্রিলের প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার জিতেছেন তিনি। ওমানের ব্যাটার যতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার আজয় কুমারকে পেছরে ফেলে নাহিদ পেয়েছেন এই স্বীকৃতি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তরুণ পেসার নাহিদ নিয়েছেন ৮ উইকেট। তার বোলিং গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি রেট ৪.৪৬। সিরিজ সেরার পুরস্কারও জেতেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিয়ে ৩২ রানে নেন ৫ উইকেট। এছাড়া সিরিজের প্রথম ওয়ানডেতে ১টি ও তৃতীয় ওয়ানডেতে নেন ২ উইকেট। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে বাংলাদেশ ২-১ ব্যবধানে স্মরণীয় সিরিজ জয় নিশ্চিত করে।

উজ্জ্বল পারফরম্যান্সে নাহিদের ১৬ ধাপ উন্নতি হয়। ৪৮১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ে ৪৮তম স্থানে ওঠেন তিনি। এবার মাস সেরা খেলোয়াড় হলেন।

নিজের অনুভূতি প্রকাশ করে রানা বলেন, “নিউ জিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করার পর আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হওয়া সত্যিই দারুণ অনুভূতির। নিজেদের মাঠে এমন পারফরম্যান্স করতে পারায় সিরিজটি আরো বিশেষ হয়ে উঠেছে এবং এটি এমন একটি সিরিজ, যা আমি সবসময় মনে রাখব। পুরো সময়জুড়ে আমার সতীর্থদের অবিচল সমর্থন ও বিশ্বাসের জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি আশা করি, ভবিষ্যতেও দলের জন্য আরো জয় এবং স্মরণীয় মুহূর্ত এনে দিতে অবদান রাখতে পারব।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com