শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

‘একটা কথা বলবি না, কথা বললেই মেরে ফেলব’

নিজস্ব প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিছু ছবি ঘুরেফিরে এসেছে বারবার। মোবাইলে, দেয়ালে এসব ছবিই হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা, প্রতিরোধের প্রতীক, জুগিয়েছে আন্দোলনের ইন্ধন । পড়ুন এমন একটি ছবির পেছনের গল্প ।

শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলাম । বিভিন্ন কর্মসূচিতে সরাসরি অংশ নিয়েছেন । ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে রাস্তায় নামলে হয়রানির শিকার হন তিনি । নাহিদুল জানালেন, সেদিন শতাধিক মানুষের র‍্যালি নিয়ে এগোচ্ছিলেন তাঁরা । হাইকোর্টের ঈদগাহ গেটের সামনে এলে পুলিশ তাঁদের পথরোধ করে । কয়েকজনকে আটকও করা হয় । শিক্ষার্থীদের ধীরে ধীরে মৎস্য ভবনের কাছে নিয়ে আসে পুলিশ । তখনো স্লোগান দিচ্ছিলেন নাহিদুল। এ সময় দুজন পুলিশ সদস্য নাহিদুলকে টেনে নিয়ে যেতে থাকেন, গালাগাল করতে থাকেন । একজন পুলিশ নাহিদুলের মুখও চেপে ধরেন । মুখ চেপে ধরা ছবিটিই পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, হয়ে ওঠে প্রতিবাদের ভাষা ।

নাহিদুল বলেন, ‘আমি তাঁকে “স্যার” সম্বোধন করে বুঝিয়ে বলার চেষ্টা করছিলাম । কিন্তু তিনি কোনো কথাই শুনছিলেন না । বলছিলেন, “তোমাদের ব্রেইন ওয়াশ হয়ে গেছে । তোমাদের ওপর জামায়াতের প্রেতাত্মা ভর করেছে ।” আমি বলেছি, “কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে ব্লেইম দিতে পারেন না ।” একপর্যায়ে তিনি ভীষণ রেগে যান । বলেন, “একটা কথা বলবি না, কথা বললেই মেরে ফেলব ।” তখনই আমার মুখ চেপে ধরেন ।’

নাহিদুল অভিযোগ করেন, ধরে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাঁকে কিল, ঘুষি, লাথি মারা হয় । পরে আইনজীবী মাহবুব উদ্দিনসহ কয়েকজন মানবাধিকারকর্মী শিক্ষার্থীদের আটকের প্রতিবাদ জানালে চাপের মুখে নাহিদুল ও অন্যদের ছেড়ে দেওয়া হয় । ঘণ্টাখানেক পুলিশের হেফাজতে ছিলেন তিনি ।

তবে মুক্তি পেলেও রেহাই মেলেনি । পরের ঝড় তাঁর পরিবারকে সহ্য করতে হয়েছে । নাহিদুল বলেন, ‘এলাকার স্থানীয় নেতারা আমার বাবাকে, ভাইদেরকে হুমকি দিতে শুরু করে । বলে, “ছেলেকে ঢাকায় পড়াশোনার নামে মাস্তানি করতে পাঠাইছিস ।” তুইতোকারি করে কথা বলতে থাকে । আমার জন্য বাবাকে কখনো গালি শুনতে হয়নি । যেটা ২০২৪-এ এসে আমার পরিবারের সঙ্গে হলো । তাও ন্যায়ের পক্ষে কথা বলার অপরাধে ।’

নাহিদুলে ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই এই ছবি দেখে অনুপ্রাণিত হন । নাহিদ বলেন, ‘একজন স্বৈরাচারী শাসককে ক্ষমতাচ্যুত করতে হলে কাউকে না কাউকে সামনে এগিয়ে আসতে হয় । শহীদ আবু সাঈদ ভাইকেই দেখেন । আমিও তাঁর মতো হতে চেয়েছি । স্বৈরাচার তো ক্ষমতার অপব্যবহার করবেই । কিন্তু আমরা ঠিকই প্রতিবাদ করব—এমন ইচ্ছাশক্তি নিয়েই মাঠে নেমেছিলাম ।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com