শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
নোয়াখালী, ফেনী ও কুমিল্লা এখনো পানিতে ভাসছে একুশের কণ্ঠ অনলাইন:: টানা ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানি এখনো অব্যাহত রয়েছে। বি-বাড়িয়া, সিলেট, মৌলভীবাজার জেলায় বন্যার পরিস্থিতির উন্নতি হলেও কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিতে এখনো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। অনেক এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। গতকাল আরো ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবাহিত রোগ বাড়ছে।
বন্যা পরিস্থিতি যেসব এলাকায় উন্নতি হচ্ছে সেখানে বন্যার ক্ষত দিন দিন ফুটে উঠছে। এ দিকে ভারী বর্ষণ ও পদ্মার পানি বাড়তে থাকায় যশোরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। অনেক এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় মানুষের ভোগান্তি বাড়ছে।
কুমিল্লায় প্লাবিত হচ্ছে নতুন এলাকা
কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় গোমতী নদীর পানি কমলেও প্লাবিত হচ্ছে নতুন এলাকা। গোমতীর বিপদসীমার ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে এখনো পানি প্রবাহিত হচ্ছে। কয়েক দিন আগে নদীর পানি বিপদসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এদিকে স্বস্তিতে নেই দুর্যোগপূর্ণ এলাকার মানুষজন। গেল কয় দিনে সড়কের অবকাঠামো নষ্ট হওয়া এবং কাঁচাঘর ভেঙে পড়ায় মেরামত নিয়ে দুশ্চিন্তা পেয়ে বসেছে।
সরজমিনে ঘুরে বড়িচং উপজেলার ভরাসার, ইছাপুরা, মহিষমারা ও বাকশিমুল এলাকায় পানি কিছুটা কমেছে। তবে অন্যান্য এলাকায় পানি স্থিতিশীল রয়েছে। আদর্শ সদর উপজেলার শিমড়া, বলেশ্বর রামপুর, ভুবনঘর এলাকার মানুষজন জানিয়েছেন, আগামী দিন দুয়েক আরো একটু নিচের দিকে নামবে পানি। তবে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে অন্তত সপ্তাহখানেক সময় লাগবে। এদিক বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পর পাশের উপজেলা দেবিদ্বারের বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে।
নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীতে বন্যার পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। ভারত থেকে ধেয়ে আসা ঢলের পানি ও ভারী বর্ষণে জেলা শহর মাইজদী, নোয়াখালী পৌরসভা ও জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী শহরসহ জেলার ৮টি উপজেলার প্রায় শত ভাগ বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এরই মধ্যে গত সপ্তাহে চার দিন বৃষ্টি বন্ধ থাকায় পানি কিছুটা কমতে শুরু করে। কিন্তু গতকাল সোমবার রাত থেকে ভারী টানা বর্ষণ শুরু হয়। এতে বাড়িঘরে পানি বৃদ্ধি পায়। নোয়াখালী আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৯৪ মিলি বৃষ্টি রেকর্ড করা হয়।
জেলার কোথাও কোনো আশ্রয়কেন্দ্র নেই। বন্যার্তদের কিছু মানুষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেন। বেশির ভাগ মানুষ রয়েছে গ্রামে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ত্রাণসামগ্রী তাদের দেয়া যাচ্ছে না। শুধু প্রধান সড়কের পাশে আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারি ও বেসরকারিভাবে সাহায্য দেয়া হচ্ছে। গ্রামে বসতবাড়িতে থাকা লাখ লাখ মানুষ সাহায্য পাচ্ছে না। তাদের মধ্যে খাদ্যের সঙ্কট দেখা দিয়েছে। এসব মানুষ অর্ধাহারে অনাহারে মানবেতর জীবনযাপন করছে। বিশুদ্ধ পানি সঙ্কট দেখা দিয়েছে। ফলে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে মানুষ।
এদিকে জেলায় এ পর্যন্ত প্রায় শতাধিত মানুষকে সাপে কেটেছে। ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, বন্যার কারণে ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে ১২৮ জন। এ ছাড়া গত চার দিনে নোয়াখালীতে ৬৩ জনকে সাপে কেটেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনকে সাপে কেটেছে।
এদিকে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাড়ে ছয় লাখ মানুষ অন্ধকারে রয়েছে। ফলে মানুষ সাপে কাটার আতঙ্কে রাত কাটাচ্ছেন।
নাঙ্গলকোটে পৌরসদরসহ ১৬টি ইউনিয়ন এখনো পানিতে ভাসছে
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা জানান, নাঙ্গলকোটে গত ছয় দিনেও অবিরাম বৃষ্টি ও ভারতীয় ঢলের পানিতে সৃষ্ট ভয়াবহ বন্যার কোনো উন্নতি হয়নি। পানি খুব ধীরগতিতে কমায় বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না। গত রোববার বিকেল থাকে আবার বৃষ্টির কারণে পানি বাড়তে থাকে। উপজেলার পৌরসদরসহ ১৬টি ইউনিয়নের প্রায় ২৫০টি গ্রামের সাড়ে তিন লক্ষাধিক মানুষের বাড়িঘর এখনো বন্যার পানিতে ভাসছে। সরকারিভাবে ১১৫টি আশ্রয়কেন্দ্রসহ বেসরকারিভাবে আরো ১৫০টিসহ মোট ২৫০টি আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন। এ ছাড়া বন্যাদুর্গত অধিকাংশ লোকজন আত্মীয়স্বজনের বাড়ির পাশাপাশি বাসবাড়ি ভাড়া করে থাকছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে সরকারিভাবে খুব একটা সহযোগিতা না করা হলেও বেসরকারিভাবে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, প্রভাবশালী ব্যক্তিবর্গসহ দেশের বিভিন্ন স্থানের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও প্রতিদিনই বন্যাদুর্গত এলাকাগুলোতে রান্না করা, শুকনা খাবার এবং ওষুধপত্র বিতরণ করছেন।
বন্যায় অধিকাংশ স্কুল, কলেজ, মাদরাসা ও রাস্তাঘাট এখনো পানির নিচে রয়েছে। বন্যার পানিতে উপজেলার কয়েক শ’ মৎস্য প্রজেক্ট ভেসে গিয়ে প্রায় একশ’ কোটি টাকার মাছ ভেসে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এ দিকে বন্যার পানিতে এখনো বিভিন্ন স্থানে আউশ ধান, রোপা আমন, আমন বীজতলা এবং শাকসবজির ক্ষেত পানির নিচে রয়েছে।
উপজেলার বাঙ্গড্ডা পূর্ববাজার আবদুল হকের বাড়িতে আশ্রয় নেয়া বন্যাকবলিত কবির আহম্মদ, নিজাম উদ্দিন ও মনির হোসেন জানান, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন ব্যক্তি আমাদের খাবার দিচ্ছেন। আমাদের পোশাক এবং ওষুধ সঙ্কট রয়েছে।
এ পর্যন্ত বন্যার পানিতে ভেসে দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার মৌকরা ইউনিয়নের মোহেশ্বের জলাশয় থেকে সিরাজুল ইসলাম (৭৭) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি রোববার বিকেলে মেয়ের জামাই ও নাতিকে নিজ গ্রাম গোরকমুড়া থেকে নিজে নৌকা চালিয়ে মোহেশ্বর গ্রামে নামিয়ে দিয়ে গোরকমুড়ায় যাওয়ার পথে মোহেশ্বর পূর্বপাড়ায় পানির তোড়ে তার নৌকা উল্টে তিনি নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার সকালে মোহেশ্বর জলাশয়ে তার ব্যবহৃত নৌকা ও বৈঠা দেখতে পান। একপর্যায়ে পরিবারের লোকজন চাঁদপুর থেকে ডুবুরি দল এনে সোমবার দুপুরে মোহেশ্বর জলাশয় থেকে তার লাশ উদ্ধার করেন। এর আগে গত ২৩ আগস্ট পৌরসভার দাউদপুর গ্রামের কেরামত আলী (৫৫) নামের এক ব্যক্তি বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গেছেন।
সোমবার দুপুরে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে যায়, উপজেলার ডাকাতিয়া নদী তীরবর্তী বাঙ্গড্ডা, রায়কোট উত্তর, দক্ষিণ, মৌকরা, ঢালুয়া, বক্সগঞ্জ, সাতবাড়িয়া, বক্সগঞ্জ, বটতলী, দৌলখাঁর জোড্ডা পূর্ব, পশ্চিম, আদ্রা উত্তর, দক্ষিণ, পৌরসদর মক্রবপুর, হেসাখাল ও পেড়িয়া ইউনিয়নের অধিকাংশ গ্রাম এখনো পানির নিচে রয়েছে।
বুড়িচংয়ে বন্যার পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু
বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচং উপজেলা সদর ও পশ্চিম সিংহ এলাকায় পৃথক বন্যার পানিতে ডুবে হাসিবুল (১০) এবং ইব্রাহিম (৪) নামের দু’শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পশ্চিম সিংহ দক্ষিণপাড়া ফকিরবাড়ি গ্রামের আল-আমিনের ছেলে ইব্রাহিম (৪) বেলা ১১টায় বাড়িসংলগ্ন ডোবায় পড়ে মারা যায়। এ দিকে বেলা আনুমানিক দেড়টায় উপজেলা সদরের আরাগ আনন্দপুর গ্রামের নুরুল আমিনের ছেলে হাসিবুল ইসলাম (১০) বাড়িসংলগ্ন বুড়িচং মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন খালের পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাকেসহ সোহাগ (১১) নামের অপর একজনকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক হাসিবকে মৃত ঘোষণা করেন।
রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের রৌমারীতে ভেড়ামারা খালের পানিতে ডুবে জাহিদ হাসান (৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামে এ ঘটনা ঘটে। জাহিদ বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। সে ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
জানা যায়, জাহিদ বাড়ির পাশের খালে সাথীদের সাথে মাছ ধরা দেখতে যায়। মাছ ধরা দেখার একপর্যায়ে সবার অজান্তে পানিতে নেমে গভীর পানিতে সে ডুবে যায়। পরে পরিবার ও আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই খাল থেকে শিশুটিকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলাল চন্দ্র রায় তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি
বাসস জানায়, জেলার আখাউড়ায় ও কসবায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার পানি কমে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছেন বন্যাদুর্গতরা। তবে তারা বাড়ি ফিরে একেবারেই হতাশ। কিছুই পাচ্ছেন না তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।
জানা যায়, ভারতের ত্রিপুরা রাজ্যের হাওড়া নদীর পানি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় গত ২১ আগস্ট থেকে সৃষ্ট বন্যার কারণে আখাউড়ায় বন্যা হয়। এতে উপজেলার বঙ্গেরচর, কালিকাপুর, বাউতলা, আড়িয়ল ও খলাপাড়াসহ ৩৪টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছিল। এরই মধ্যে বেশির ভাগ বাসাবাড়ি থেকে পানি সরে গেছে। তবে বন্যার কারণে আড়িয়ল ও খলাপাড়া এলাকায় হাওড়া নদীর দু’টি বাঁধসহ অন্তত আটটি স্থানে সড়ক ধসে পড়ে। এতে ওই সব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
এ দিকে জেলার কসবা উপজেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে পানিতে প্লাবিত হয়েছিল ২৬টি গ্রাম। তার মধ্যে রয়েছে উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক, বিদ্যানগর, পুটিয়া, খাদলা, মাদলা, বেলতুলি ও শ্যামপুর। গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর, সৈয়দপুর, রামপুর ও কাইয়ুমপুর ইউনিয়নের রহোরামপুর গ্রামে জলাবদ্ধতা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর আহমেদ জানান, আখাউড়া ও কসবা উপজেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হেেয়ছে। হাওড়া নদীর পানি অব্যাহত হ্রাস পাচ্ছে। সোমবার দুপুরে ২৪ ঘণ্টায় পানি ১০ সেমি হ্রাস পেয়ে বিপদসীমার ৬৭ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।