রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

উজিরপুরে শতবর্ষী খাল দখল করে বহুতল ভবন নির্মাণ: হুমকির মুখে কৃষি ও পরিবেশ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি ॥
বরিশালের উজিরপুর উপজেলায় শতবর্ষী ধামুরা-বামরাইল খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার শোলক ইউনিয়নের সেনের হাট এলাকায় খালের প্রবাহমান অংশ ভরাট করে এই নির্মাণকাজ চালাচ্ছেন প্রবাসী সরোয়ার বেপারী। ঐতিহ্যবাহী এই খালটি রক্ষায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

জনদুর্ভোগ ও কৃষি বিপর্যয়ের আশঙ্কা
স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক সংলগ্ন এই গুরুত্বপূর্ণ খালের একটি বড় অংশ দখল করে সম্প্রতি দ্রুতগতিতে ভবন তোলার কাজ শুরু হয়। এলাকাবাসী জানান, সরোয়ার বেপারী প্রভাব খাটিয়ে খালের মাঝখানে এই স্থাপনা নির্মাণ করছেন। এর ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

বিক্ষুব্ধ কৃষকরা জানান, ধামুরা-বামরাইল খালটি শোলক ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষি জমিতে পানি সরবরাহের প্রধান উৎস। খালের ওপর ভবন নির্মাণ সম্পন্ন হলে:

শুষ্ক মৌসুমে: পানির অভাবে সেচ কাজ বন্ধ হয়ে যাবে।

বর্ষা মৌসুমে: এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে।

দীর্ঘমেয়াদে: পলি জমে খালটি পুরোপুরি ভরাট হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য
এ বিষয়ে উজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাপিল বিশ্বাস বলেন, “প্রবাহমান খালের মধ্যে কোনো অবস্থাতেই স্থাপনা নির্মাণ করা সমীচীন নয়। সরকার বর্তমানে খাল সংরক্ষণ ও পুনঃখননে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। দ্রুত সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযুক্তের দাবি
দখলের অভিযোগ অস্বীকার করে প্রবাসী সরোয়ার বেপারীর স্ত্রী দাবি করেন, “আমরা কোনো অবৈধ দখল করছি না। বৈধভাবে জমি ক্রয় করেই নিয়ম মেনে ভবন নির্মাণ করা হচ্ছে।”

তবে খালের সীমানার ভেতর কীভাবে ব্যক্তি মালিকানাধীন ভবন নির্মাণ হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। তারা অনতিবিলম্বে নির্মাণকাজ বন্ধ করে খালের নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com