সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ইসরায়েলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ

ইসরায়েলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: যুদ্ধবিরতি চুক্তি নিয়ে চলমান আলোচনার মধ্যেই ইসরায়েল ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার (২৪ নভেম্বর) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে একদিনে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়া দক্ষিণ ইসরায়েলের একটি নৌঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা করেছে গোষ্ঠীটি। এসব হামলায় আহত হয়েছেন ১১ জন। অন্যদিকে লেবাননের বৈরুতে ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, প্রথমবারের মতো তারা ইসরাইলের দক্ষিণাঞ্চলে আশদোদ নৌঘাঁটিতে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। পরে সংগঠনটি আবার জানায়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে। এছাড়া তেল আবিবের উপকণ্ঠে গ্লিলট সেনাবাহিনী গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

এদিকে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আল-আমরিয়াহে লেবাননের একটি সেনা কেন্দ্রকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার ফলে একজন সৈন্য শহীদ হয়েছেন এবং অন্য আরও ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এটিকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি প্রচেষ্টার ওপর আক্রমণ হিসাবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন। ইসরায়েলি এই হামলাকে যুদ্ধ শেষ করার জন্য সকল প্রচেষ্টা এবং চলমান যোগাযোগকে প্রত্যাখ্যান করার সরাসরি, রক্তাক্ত বার্তা বলেও অভিহিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com